তথ্য না পাওয়া-সংক্রান্ত তিনটি অভিযোগের নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন-২০০৯-এর অধীনে তথ্য চেয়ে না পাওয়া-সংক্রান্ত পাঁচটি অভিযোগের শুনানি আজ সোমবার তথ্য কমিশনে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে প্রার্থিত তথ্যাদি সরবরাহের নির্দেশসহ পাঁচটি অভিযোগের মধ্যে তিনটির তাত্ক্ষণিক নিষ্পত্তি করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া শুনানির মাধ্যমে এ পর্যন্ত ৩১টি অভিযোগের নিষ্পত্তি হলো।তথ্য চেয়ে প্রথমে আবেদন এবং পরবর্তী সময়ে আপিল করার পরও অভিযোগকারীদের যেসব তথ্য সরবরাহ করা হয়নি, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সংস্থাপন মন্ত্রণালয় থেকে সরকারি চাকরির ক্ষেত্রে আদিবাসীদের জন্য কোটা সংরক্ষণ-সংক্রান্ত নীতিমালা ও কোটা বাস্তবায়নে সরকারিভাবে নজরদারি করা হয়ে থাকলে তার নীতিমালার কপি। এ ছাড়া গোদাগাড়ী পৌরসভার ১৩ মে ২০০৪ থেকে ২৩ জানুয়ারি ২০১১ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাবের তথ্যসহ প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে কি না, সেই তথ্য দেওয়া হয়নি। শিক্ষাক্ষেত্রে আদিবাসী শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ভর্তির কোটা-সংক্রান্ত সরকারি নীতিমালার কপিও পাননি সংশ্লিষ্ট ব্যক্তি।শুনানিকালে প্রধান তথ্য কমিশনার মোহম্মদ জমির, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী সংশ্লিষ্টদের হয়রানি না করে যথাসময়ে তথ্য সরবরাহ করা এবং অভিযোগকারীদের যথাযথ নিয়মে তথ্য চাওয়ার পরামর্শ দেন। তথ্য কমিশনার এম এ তাহের এবং অধ্যাপক সাদেকা হালিম শুনানিতে অংশ নেন।