তথ্য পণ্য নয়
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তথ্য পণ্য নয়। যাঁরা তথ্য নিয়ে নাড়াচাড়া করেন, তাঁদের অনেক দায়বদ্ধতা রয়েছে। মানুষের কাছে, সমাজের কাছে, দেশের কাছে এমনকি ইতিহাসের কাছে এই দায়বদ্ধতার জবাব তাঁদের দিতে হয়।’আজ সোমবার দেশের সরকারি টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ২৪ ঘণ্টা সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।সংবাদকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘এই দায়বদ্ধতায় গণমাধ্যম ও সম্প্রচারকর্মীদের বিজয়ী হতে হবে; তা না হলে আপনাদের নিজেদেরই নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই বস্তুনিষ্ঠতার সঙ্গে সত্ভাবে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।’বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) এম মনোয়ারুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. আহসানুজ্জামান ও ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক শফিউদ্দিন সিকদার বক্তব্য দেন।বাংলাদেশ টেলিভিশনের (তৎকালীন পিটিভি নামে) যাত্রা শুরু হয়েছিল ১৯৬৪ সালের ২৫ নভেম্বর পাকিস্তান সরকারের একটি পাইলট প্রকল্পের মাধ্যমে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিটিভিকে রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্র হিসেবে ঘোষণা দেন। যাত্রা শুরুর ৪৮ বছর পর বিটিভি ২৪ ঘণ্টা সম্প্রচারে গেল।