কূটনৈতিক তথ্য ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রকে দোষ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড। গতকাল বুধবার অস্ট্রেলিয়াভিত্তিক বেতার কেন্দ্র কমার্শিয়াল রেডিওকে এ কথা বলেন তিনি। রাড বলেন, উইকিলিকস বা অ্যাসাঞ্জ নয় বরং ‘ইউএস সিস্টেম’ বা ‘মার্কিন ব্যবস্থাপনা’ থেকে গোপন কূটনৈতিক বার্তা ফাঁস হওয়াটাই মূল সমস্যা।অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই তথ্য ফাঁসের ঘটনা মার্কিন নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি আরও ঘোষণা করেন, অস্ট্রেলিয়ার কূটনীতিকেরা অ্যাসাঞ্জকে সমর্থন দেবেন। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।অবশ্য অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড উইকিলিকসের কর্মকাণ্ডের সমালোচনা করেন। গত মঙ্গলবার তিনি বলেন, গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনার তথ্য ফাঁস করে দিয়ে উইকিলিকস পুরোপুরি দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছে। এর আগে অবশ্য তিনি ওয়েবসাইট কর্তৃপক্ষের কার্যক্রমকে বেআইনি বলে অভিহিত করেছিলেন। উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ গত মঙ্গলবার ব্রিটেনে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁকে সুইডেনে দুই নারীর দায়ের করা যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার লন্ডনে আদালতে নেওয়া হলে বিচারক অ্যাসাঞ্জকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। বর্তমানে তিনি ব্রিটেনে পুলিশের হেফাজতে রয়েছেন।দুই সপ্তাহ ধরে গোপন মার্কিন কূটনৈতিক বার্তা প্রকাশ করে চলেছে উইকিলিকস। যুক্তরাষ্ট্র এই তথ্য ফাঁসের ঘটনাকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ ও ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর হামলা’ হিসেবে অভিহিত করেছে।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও কেভিন রাড বলেন, ‘যুক্তরাষ্ট্রের আড়াই লাখ গোপন কূটনৈতিক বার্তা ফাঁসের জন্য অ্যাসাঞ্জ ব্যক্তিগতভাবে দায়ী নন। আমেরিকানরাই এ জন্য দায়ী। আমি মনে করি, মার্কিন নিরাপত্তাব্যবস্থা নিয়েই প্রশ্ন তোলা উচিত এবং জানার চেষ্টা করা উচিত কীভাবে এত বিপুল পরিমাণ স্পর্শকাতর গোপন দলিল এত বেশি মানুষ দেখার সুযোগ পেলেন।’ তিনি বলেন, তথ্য ফাঁসের মূল দায় এবং এ-সংক্রান্ত আইনি দায়বদ্ধতা বর্তায় ওই ব্যক্তির ওপর, যিনি প্রাথমিকভাবে এগুলো ফাঁস করেছেন। এরপর আসবে যাঁরা তথ্য পরিবেশন করেছেন, তাঁদের প্রসঙ্গ।গতকালই অস্ট্রেলিয়ার পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, গোপন মার্কিন বার্তায় অস্ট্রেলিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী রাড সম্পর্কে সমালোচনা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো ওই বার্তায় কূটনীতিক রবার্ট ম্যাকক্যালাম রাড সম্পর্কে বলেন, তিনি হঠাৎ করেই বিভিন্ন ঘোষণা দিয়ে বসেন। এ জন্য অস্ট্রেলিয়ার সরকার বা তার সহযোগীদের সঙ্গেও পরামর্শ করেন না।অবশ্য কেভিন রাড এ ব্যাপারে বলেন, ফাঁস হওয়া এসব গোপন বার্তায় তাঁর সম্পর্কে যে সমালোচনা রয়েছে, সেটিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না তিনি। ওই সমালোচনার ব্যাপারে প্রধানমন্ত্রী গিলার্ড রাডের পক্ষ নেন। গতকাল তিনি বলেন, রাড খুবই চমৎকারভাবে দায়িত্ব পালন করছেন।এদিকে বন্দী অ্যাসাঞ্জের সঙ্গে মঙ্গলবারই দেখা করেন ব্রিটেনে অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল। এ ব্যাপারে কেভিন রাড বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে চাই, অস্ট্রেলিয়ার অন্য নাগরিকদের মতো অ্যাসাঞ্জের জন্যও কূটনৈতিক সহযোগিতা দেব আমরা। তিনি যাতে আইনি অধিকার প্রয়োগের সুযোগ পান সে ব্যাপারে সহযোগিতার প্রস্তাব দিয়ে শিগগিরই তাঁর কাছে চিঠি পৌঁছানো হবে।’ অবশ্য গ্রেপ্তারের আগে অ্যাসাঞ্জ তাঁর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য অস্ট্রেলীয় সরকারের সমালোচনা করেন। এ ব্যাপারে তাঁর লেখা একটি কলাম গতকাল অস্ট্রেলিয়ার পত্রিকায় প্রকাশিত হয়।যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ হয়নি: সুইডেনজুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তর করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুইডেনের কোনো যোগাযোগ হয়নি। গতকাল সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ড বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের একটি স্বাধীন বিচার বিভাগ রয়েছে, যারা আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালন করে। তাদের সঙ্গে সুইডেনের রাজনৈতিক কর্তৃপক্ষ বা অন্য কোনো কর্তৃপক্ষ যুক্ত নয়।’ন্যায়সংগত আচরণের দাবি ছেলেরজুলিয়ান অ্যাসাঞ্জের ছেলে ড্যানিয়েল অ্যাসাঞ্জ তাঁর বাবার সঙ্গে ‘ন্যায়সংগত ও রাজনৈতিক প্রভাবমুক্ত’ আচরণ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট টুইটারে তিনি এ কথা বলেন। পাশাপাশি ব্রিটেনে তাঁর বাবার গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে তাঁকে ফেরত পাঠানোর একটি পদক্ষেপ হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন। ড্যানিয়েল বলেন, ‘বাবার প্রতি ন্যায়সংগত ও রাজনৈতিক প্রভাবমুক্ত আচরণ নিশ্চিত করতে আমাদের সর্বোত্তম চেষ্টা করা উচিত।’ড্যানিয়েল অ্যাসাঞ্জ বলেন, সুইডিশ আইনজীবীরা তাঁর বাবাকে যৌন হয়রানির দায়ে কীভাবে দোষী সাব্যস্ত করবেন, তা তাঁর বোধগম্য নয়। তিনি বলেন, ‘সুইডিশ আইনি ব্যবস্থার আচরণ কোনোভাবেই উৎসাহব্যঞ্জক নয়।’ জুলিয়ানের বয়স যখন ১৮ বছর, তখন ড্যানিয়েলের জন্ম হয়। তবে তাঁর মায়ের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।অ্যাসাঞ্জ: পারসন অব দ্য ইয়ার!মার্কিন সাময়িকী টাইম-এর ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচনে পরিচালিত অনলাইন জরিপে গতকাল পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে ছিলেন অ্যাসাঞ্জ। আগামী বুধবার ওই তালিকা প্রকাশ করা হবে। অ্যাসাঞ্জ দুই লাখ ৯৮ হাজার ৯৭৫টি ভোট পেয়েছেন। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান ও ব্রিটেনের সংগীতশিল্পী লেডি গাগা। এরদোগানের চেয়ে ৭৬ হাজার ২০৭ ভোট ও লেডি গাগার চেয়ে এক লাখ ৬০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন অ্যাসাঞ্জ। এদিকে রাশিয়া বলেছে, অ্যাসাঞ্জ সম্ভাব্য নোবেল পুরস্কারপ্রার্থী। রাশিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল সে দেশের বার্তা সংস্থায় জানানো হয়, অ্যাসাঞ্জকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া যেতে পারে।ইন্টারনেটে উইকিলিকস সমর্থকদের পাল্টা আক্রমণউইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় তাঁর সমর্থকেরা সুইডিশ তদন্ত কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি ওয়েবসাইটে আক্রমণ করেছেন। মঙ্গলবার কম্পিউটার নেটওয়ার্ক নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান পান্ডাল্যাবস জানিয়েছে, তদন্ত কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইটে ‘সাইবার হ্যাক্টিভিস্ট’দের গোষ্ঠী ‘অ্যানোনিমাস’ আক্রমণ চালিয়েছে। অনলাইনে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল এবং সুইজারল্যান্ডের সুইস পোস্ট অফিস ব্যাংকের ওয়েবসাইটেও আক্রমণ করেছে তারা। এ ছাড়া অ্যানোন অপারেশন নামের আরেকটি হ্যাক্টিভিস্ট গোষ্ঠী ক্রেডিট কার্ড কোম্পানি মাস্টারকার্ডের ওয়েবসাইটে আক্রমণ করে। এতে তাঁদের হিসাব ব্যবস্থাপনা ও অর্থ পরিশোধ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি। পান্ডাল্যাবসের গবেষক জ্যাঁ পল কোরেল বলেন, অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে এই আক্রমণ করা হয়েছে। এর আগে উইকিলিকসের ওয়েবসাইটও একাধিকবার আক্রমণের শিকার হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে, উইকিলিকসের পক্ষ ও বিপক্ষ শক্তির মধ্যে এক ধরনের লড়াই শুরু হয়েছে। গতকাল পেপ্যাল কর্তৃপক্ষ স্বীকার করেছে, উইকিলিকস সংশ্লিষ্ট আর্থিক লেনদেন স্থগিত করার ব্যাপারে তাদের ওপর চাপ ছিল।বিপদের মাত্রা মাপা কঠিন: পেন্টাগনমার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, উইকিলিকস তথ্য ফাঁস করে যে বিপদ সৃষ্টি করেছে তার মাত্রা পরিমাপ করা কঠিন। মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভিড ল্যাপান বলেন, ‘কোনো ঘটনায় কারও মৃত্যু হলে বিপদের মাত্রা নির্ণয় করাটা সম্ভব। কিন্তু তথ্য ফাঁসের বিপদের মাত্রা কীভাবে নির্ণয় করবেন আপনি?’ মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য ফাঁস করে আল-কায়েদাকে হামলা চালানোর জন্য একটি তালিকা তুলে দিয়েছে উইকিলিকস।