তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার চার সাংবাদিক
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে গতকাল শুক্রবার সন্ত্রাসীদের হামলায় প্রথম আলো, একুশে টেলিভিশন ও আরটিভির চার সাংবাদিক আহত হয়েছেন। সন্ত্রাসীরা প্রকাশ্যে সাংবাদিকদের লাঠিসোঁটা, রড, হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে তাঁদের ক্যামেরা ছিনিয়ে নেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির সংস্কারসহ চারটি কাজের অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে ঠিকাদার, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন এবং তাঁর লোকজন ওই হামলা চালায় বলে আহত সাংবাদিকেরা অভিযোগ করেছেন।গুরুতর আহত হওয়ায় প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তিন সাংবাদিক আরটিভির কুষ্টিয়া প্রতিনিধি শেখ হাসান বেলাল, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম ও ক্যামেরাপারসন আহমেদ সজীবকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় সাংবাদিক জহুরুল ইসলাম বাদী হয়ে আলী হোসেন, তাঁর সহযোগী শাহিন, নিজামসহ অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে কুমারখালী থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।আহত সাংবাদিকেরা বলেন, শিলাইদহে কুঠিবাড়ির বেশ কিছু উন্নয়নকাজ চলছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে কুঠিবাড়ির ভেতরে ছয়টি রাস্তা, কর্মচারীদের ভবন, একটি নৌকা তৈরিসহ বেশ কিছু কাজ করা হচ্ছে। ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা আলী হোসেন উন্নয়নকাজের শুরু থেকে নিম্নমানের মালামাল ব্যবহার ও দরপত্র অনুযায়ী কাজ না করে দুর্নীতির আশ্রয় নেন। এলাকাবাসী প্রথম দিকে বাধা দিলেও প্রভাবশালী ওই ঠিকাদার কোনো পদক্ষেপ নেননি। বরং নিম্নমানের মালামালের ব্যবহার অব্যাহত থাকে। এ অবস্থায় এলাকাবাসী কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের কাছে অভিযোগ করে এ নিয়ে সরেজমিন প্রতিবেদন তৈরির অনুরোধ করে। আহত সাংবাদিক জহুরুল ইসলাম বলেন, এলাকার মানুষের অভিযোগ পেয়ে গতকাল বেলা ১১টার দিকে তাঁরা কুমারখালীর স্থানীয় সাংবাদিক হাবিব চৌহানকে নিয়ে কুঠিবাড়িতে যান। তখন সাংবাদিকদের দেখে সরে পড়েন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকৌশলী জিল্লুর রহমান। ওই সময় নির্মাণকাজের অনিয়মের বিষয়ে কুঠিবাড়ির জিম্মাদার (কাস্টডিয়ান) মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এখানকার কাজের অনিয়মের বিষয়ে শুনেছি। বিষয়টি খুলনা বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানিয়েছি।’ জহুরুল বলেন, ‘আমরা তখন নির্মাণকাজের স্থিরচিত্র ও ভিডিওচিত্র তুলতে থাকি। ওই সময় আলী হোসেনসহ ১৫-২০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা, রড, হকিস্টিক নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’ প্রত্যক্ষদর্শীরা বলেন, সাংবাদিকেরা প্রাণে বাঁচতে দুই ভাগে বিভক্ত হয়ে দুই দিকে দৌড় দেন। সন্ত্রাসীরাও দুই ভাগে বিভক্ত হয়ে তাঁদের পিছু নেয়। এ সময় কুঠিবাড়ির মূল ফটকের পাশে রবীন্দ্র সংসদ ভবনে আশ্রয় নেন সাংবাদিক তৌহিদী ও হাবিব। অন্য তিন সাংবাদিক কাস্টডিয়ান ভবনে আশ্রয় নেন। ওই সময় রবীন্দ্র সংসদ ভবনের কর্মকর্তারা দুই সাংবাদিককে রক্ষা করতে তাঁদের ভবনে ঢুকিয়ে বাইরে থেকে তালা দেন। আহত সাংবাদিক তৌহিদী বলেন, ‘তখন বাইরে প্রচুর হট্টগোল হচ্ছিল। ৩০-৪০ সশস্ত্র সন্ত্রাসী বাইরে থেকে আমাদের দরজা ভেঙে ফেলে। তারা আমাকে মারতে মারতে টেনেহিঁচড়ে বাইরে আনে। সেখানে এলোপাতাড়ি মারধর করে। আমার মুঠোফোন ও ক্যামেরা ভেঙে ফেলে। ১৫ মিনিট ধরে এই নির্যাতন চলছিল।’পরে কুঠিবাড়িসংলগ্ন তিন-চারজন ব্যক্তি তৌহিদীকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে দ্রুত একটি গাড়িতে করে কুমারখালীর আলাউদ্দিননগর পর্যন্ত পৌঁছে দেন। সেখান থেকে কুষ্টিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সি এ হালিম তৌহিদীকে গাড়িতে উঠিয়ে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি দল কুঠিবাড়িতে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কাস্টডিয়ান ভবন থেকে আহত তিন সাংবাদিককে উদ্ধার করে। এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশ নিজাম ও লাবলু নামের দুজনকে গ্রেপ্তার করেছে। তবে মামলার আসামি আলী হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বিকেলে কুষ্টিয়া শহরে সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যথায় আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজ শনিবারও সাংবাদিকেরা কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করবেন বলে জানা গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, তৌহিদী হাসানের কোমর থেকে মাথা পর্যন্ত এক্স-রে করা হয়েছে। তাঁর পুরো শরীরে এলোপাতাড়ি কিলঘুষি, লাঠিসোঁটার আঘাত রয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হবে।’সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে আওয়ামী লীগের নেতা আলী হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা চালানো ঠিক হয়নি। আমি এ ধরনের হামলা সমর্থন করি না। দোষীদের আইনগত ও রাজনৈতিকভাবে শাস্তির দাবি জানাই।’কুষ্টিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সি এ হালিম প্রথম আলোকে বলেন, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।