তথ্য সংগ্রহে বিড়ম্বনা!
এই প্রতিবেদন তৈরির তথ্য অনুসন্ধানে ও তথ্য পেতে পদে পদে বিড়ম্বনার শিকার হতে হয়েছে। ভূমি অফিসের তহশিলদারেরা দখলদারদের তালিকা বা নাম দিতে গড়িমসি করেন। আজ না কাল, কাল না পড়শু—এই বলে মাসাধিককাল ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তার কাছে ধরনা দিয়েও তথ্য পাওয়া দুরূহ হয়ে পড়ে। এর পরও হাল না ছেড়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং সরেজমিন অনুসন্ধান চালিয়ে এসব তথ্য জানা গেছে। এই তথ্য পেতে অফিসের এক শ্রেণীর কর্মচারীকে খুশি পর্যন্ত করতে হয়েছে। কেননা অনেক দিনই ভূমি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের খোঁজ করলে উত্তর মিলেছে, ‘স্যারেরা নেই, ফিল্ডে আছেন। কাল আসেন।’ পরদিন গিয়েও সেই একই উত্তর মিলেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ভূমি অফিসগুলোতে আরএস রেকর্ড ও নকশা সংরক্ষিত থাকলেও কোথাও এসএ ও সিএস রেকর্ডের কাগজপত্র এবং নকশা পাওয়া যায়নি। জানা গেছে, দখলদারচক্র ভূমি অফিসের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে এসব রেকর্ড ও নকশা গায়ের জোরে করে দিয়েছে।