তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে তদন্ত সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারে বিধি প্রণয়ন, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং আইনজীবী প্যানেল নিয়োগের কাজ দ্রুততার সঙ্গে চলছে। প্রধান আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন গোলাম আরিফ। রোববার তদন্ত সংস্থার কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার পর গতকাল তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছে তদন্ত সংস্থা। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।সূত্র জানায়, প্রাপ্ত তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই সন্দেহভাজন অপরাধীকে তলব করা হবে জিজ্ঞাসাবাদের জন্য। আইন অনুযায়ী তিনি সংস্থার যেকোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য। অপারগতা প্রকাশের কোনো সুযোগ নেই। অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তার বা মামলা করার ক্ষমতা রয়েছে সংস্থার হাতে। একই সঙ্গে এই অপরাধের জন্য ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।এদিকে বৃহস্পতিবার ঘোষিত আইনজীবী প্যানেলে পরিবর্তন আনা হবে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, কোনো সাংসদকে এই প্যানেলে নিয়োগ দেওয়া হবে না। আগে ঘোষিত প্যানেলে আওয়ামী লীগের সাংসদ নুরুল ইসলাম সুজনের নাম ছিল। এদিকে বিচার-প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা, সতর্কতা ও সমন্বয় রক্ষার ওপর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকালের মন্ত্রিসভার বৈঠকে তিনি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এই তাগিদ দেন বলে জানা যায়। তিনি বলেন, ইতিমধ্যে আইনজীবী প্যানেল, তদন্ত সংস্থা ও ট্রাইব্যুনালে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের কাজের মধ্যে যাতে সমন্বয় থাকে, তা নিশ্চিত করতে হবে।প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেন। দেশে যেকোনো ধরনের নাশকতার বিরুদ্ধে দেশবাসীকে সার্বক্ষণিক সজাগ রাখতে দলীয়ভাবে সংগঠনকে কার্যকর উদ্যোগ নিতে স্থানীয় সরকারমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে নির্দেশ দেন। প্রত্যেক মন্ত্রী-সাংসদকে নিজ নিজ এলাকার জনগণকে এই বিচার-প্রক্রিয়ার পক্ষে সম্পৃক্ত করতেও নির্দেশ দেন তিনি। জানা যায়, প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার পরই গতকাল আইন মন্ত্রণালয়ে মন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, প্রধান আইনজীবী গোলাম আরিফ, তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিন এবং ট্রাইব্যুনালের বিচারপতিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইনজীবীর সংখ্যা আরও বাড়তে পারে। তবে আইনজীবী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধান আইনজীবীর মতামত নেওয়া হবে। তদন্ত সংস্থা গতকাল থেকে কাজ শুরু করেছে বলে জানান তিনি।অপরদিকে গত রোববার রাত থেকে পুলিশ ফরিদপুর ও ঠাকুরগাঁওয়ে দুই জামায়াত নেতার বাড়ি ঘিরে রেখেছে। সন্দেহভাজন যুদ্ধাপরাধী হিসেবে তাঁদের ওপর পুলিশ বিশেষ নজর রাখছে। তবে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ওই দুই জায়গায় তাঁরা এখন পর্যন্ত কোনো যুদ্ধাপরাধীর সন্ধান পাননি।স্থানীয় পুলিশ বলছে, ওপরের হুকুমে তারা এটি করেছে। জনতার রোষানল থেকে দুই জামায়াত নেতাকে রক্ষার জন্য এটি করা হয়েছে। আবার ওপরের হুকুম পেলে প্রয়োজনে তাঁদের গ্রেপ্তারও করা হতে পারে।তদন্ত সংস্থার প্রধান বলেন, এখনো কাউকে গ্রেপ্তারের প্রয়োজনের কথা ট্রাইব্যুনালকে তাঁরা জানাননি। সবকিছুতে স্বচ্ছতা বজায় রাখতে তাঁরা বদ্ধপরিকর। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ, প্রতিবেদন, তথ্যচিত্র থেকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের শনাক্ত করা সম্ভব কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান তদন্ত সংস্থার প্রধান। কেউ নিজ ইচ্ছায় তথ্য দিলে তাও যাচাই-বাছাই করে গ্রহণ বা বর্জন করার ক্ষমতা রয়েছে সংস্থার হাতে। জানা গেছে, ১৯৯৩ সালে বেগম সুফিয়া কামালের নেতৃত্বে গঠিত গণতদন্ত কমিশনের প্রতিবেদনকে ভিত্তি ধরে তদন্ত সংস্থা কাজ শুরু করেছে। এই কমিশনের প্রতিবেদন অনুযায়ী গণ-আদালতে কয়েকজন অপরাধীর বিচার করা হয় এবং তাঁদের অপরাধ মৃত্যুদণ্ডের শামিল বলে উল্লেখ করে সরকারকে তা কার্যকর করার অনুরোধ জানানো হয়। ১৯৯৫ সালের ২৬ মার্চ কমিশনের ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।যেভাবে তদন্ত সংস্থা কাজ করবে: আন্তর্জাতিক (অপরাধ) ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী তদন্ত সংস্থা কীভাবে কাজ করবে, তা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ধারা ৩-এ উল্লিখিত অপরাধের তদন্তে সরকার একটি সংস্থা প্রতিষ্ঠা করতে পারে। শুধু তাই নয়, সংস্থার কর্মকর্তারা রাষ্ট্রের পক্ষে ফৌজদারি মামলা পরিচালনাকারী আইনজীবী হিসেবে আবেদন করবেন। আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত যে কেউ তদন্ত কর্মকর্তার যোগ্য বিবেচিত হবেন এবং আবেদনকারীদের জন্য তদন্তসংশ্লিষ্ট শর্ত প্রযোজ্য হবে। এই ধারা অনুযায়ী মামলা সম্পর্কে জানেন, এমন যেকোনো ব্যক্তিকে তলব করতে পারবে তদন্ত সংস্থা।ওই ব্যক্তি প্রশ্নকর্তার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন এবং কোনো প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করতে পারবেন না। প্রশ্নগুলো অপরাধ-সম্পর্কিত অথবা অপরাধী সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও করা হতে পারে। তাঁকে জবাব দিতে বাধ্য করা হবে। জবাব না দিলে গ্রেপ্তার বা মামলা করা যাবে। ধারা ৩-এর আওতায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা যেকোনো বিবৃতিকে সংক্ষিপ্ত করতে পারবেন। ঘটনা যাচাইয়ে কোনো ব্যক্তি তদন্তকারী কর্মকর্তার সামনে উপস্থিত হতে ব্যর্থ হলে অথবা কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানালে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।একজন তদন্তকারী কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রথম শ্রেণীর যেকোনো ম্যাজিস্ট্রেট উপধারা ৭-এর আওতায় শাস্তিযোগ্য একটি অপরাধ তার এখতিয়ারভুক্ত করতে পারবেন।ধারা ৩-এ সুনির্দিষ্টভাবে উল্লিখিত অপরাধের কোনো তদন্ত শেষ হওয়ার পর তা এই ধারার শর্ত অনুযায়ী হয়েছে বলে বিবেচনা করা হবে।