রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে চঞ্চল খান তৈরি করেছেন তথ্যচিত্র বাংলাদেশে রবীন্দ্রনাথ। গত শনিবার সোয়া এক ঘণ্টা দৈর্ঘ্যের এই তথ্যচিত্রের সূচনা প্রদর্শনী হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে। তথ্যচিত্রটি নিয়ে কথা হলো চঞ্চল খানের সঙ্গে।‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ তথ্যচিত্রটি নিয়ে কিছু বলুন।রবীন্দ্রনাথ বাংলাদেশের শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে এসেছিলেন। এখানে তিনি যেসব গান ও সাহিত্য রচনা করেছেন, তার অনেক কিছুই থাকছে এই তথ্যচিত্রে। রবীন্দ্রনাথের ওই সময়টা নিয়ে আহমদ রফিক গবেষণা করেছেন। সেই গবেষণা থেকেই তথ্যচিত্রটির পরিকল্পনা তৈরি করেছি। এ ছাড়া শাহজাদপুরের স্থানীয় একজন গবেষক ও শিক্ষক আক্তারউদ্দিন একটি বই লিখেছেন জোড়াসাঁকো থেকে শাহজাদপুর। তা থেকেও সহযোগিতা নিয়েছি। কাজটা শেষ করতে নয় মাস সময় লেগেছে। তথ্যচিত্রটি পরিচালনা ও সংগীত পরিচালনা—দুটো কাজই আমার।এই তথ্যচিত্রে কাঁরা অংশ নিয়েছেন?এখানে আহমদ রফিক, সেলিনা হোসেন, আতিউর রহমান, অশোক সাহা, লালিম হক ও আক্তারউদ্দিন মানিকের সাক্ষাৎকার রয়েছে। গান গেয়েছেন মিতা হক, সাদি মহম্মদ, লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, রোকাইয়া হাসিনা, অনিরুদ্ধ সেনগুপ্ত, নন্দিতা ইয়াসমীন ও তানজিনা তমা। আমি নিজেও একটি গান গেয়েছি। তথ্যচিত্রে সঞ্চালকের ভূমিকায় আছেন রোকেয়া প্রাচী। ধারাবর্ণনা করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ ও খালেদ খান। রবীন্দ্রনাথের ছুটি গল্প নিয়ে নাটক তৈরি করেছিলেন সাইদুল আনাম টুটুল। তথ্যচিত্রে এই নাটকের অংশবিশেষ ব্যবহার করা হয়েছে।তথ্যচিত্রটি প্রদর্শনের ব্যাপারে কী পরিকল্পনা করছেন?সম্পূর্ণ অবাণিজ্যিক ভাবনা থেকে আমি কাজটি করেছি। এর পৃষ্ঠপোষক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আমি বিনা মূল্যে সবাইকে এটি দেখাতে চাই। এ ছাড়া বিদেশে বাংলাদেশের দূতাবাস, কোনো প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবেও এই তথ্যচিত্রের প্রদর্শনী ও বিলি করতে চাই। এবার আপনার নিজের গানের কথা বলুন।১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে আমার একক গানের অনুষ্ঠান হবে।