তথ্যচিত্রে জহির রায়হান
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্মুখ-রণাঙ্গনের ক্যামেরা হাতের চলচ্চিত্র-যোদ্ধা জহির রায়হানকে নিয়ে নির্মিত হলো প্রামাণ্যচিত্র। ১৯৩৫ সালের ১৯ আগস্ট জন্ম নেওয়া এই মানুষটি ১৯৭২ সালের ৩০ জানুয়ারি তাঁর সহোদর শহীদুল্লা কায়সারকে খুঁজতে গিয়ে আর ফেরেননি। কেমন ছিলেন তিনি, সে কথাই বলেছেন তাঁর কলেজজীবনের খুব কাছের চার বন্ধু—অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, শিল্পী কাইয়ুম চীেধুরী ও কবি সৈয়দ শামসুল হক। স্মৃতিচারণা ও মূল্যায়ন করেছেন তাঁর সাহিত্য, চলচ্চিত্র ও প্রগতিশীল রাজনৈতিক জীবন নিয়ে। তথ্যচিত্র নির্মাতা সেন্টু রায় এই কথাগুলো ক্যামেরায় ধারণ করে নির্মাণ করেছেন জহির রায়হান নামের একটি তথ্যচিত্র। গতকাল রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বাংলা ধরিত্রী আয়োজিত জহির রায়হান শীর্ষক এই তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীর সূচনা করেন অধ্যাপক আনিসুজ্জামান। তথ্যচিত্রে আরও রয়েছে জহির রায়হান নির্মিত পাকিস্তানের প্রথম রঙিন সিনেমা সঙ্গম, জীবন থেকে নেয়া, মনের মত বউ, কাঁচের দেয়াল, দুই ভাই চলচ্চিত্রের উল্লেখযোগ্য কিছু অংশ।