প্রতিবছর তথ্যের ঘাটতির কারণে মোট শস্য ও গবাদিপশুর শতকরা ২০ ভাগ নষ্ট ও ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষতি দূর করতে পারলে কৃষি খাতে শতকরা আরও পাঁচ ভাগ উন্নতি যুক্ত হবে। তথ্যের দ্রুত প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে সরকার এ খাতে শতকরা ১০ ভাগ ক্ষতি কমিয়ে আনার প্রত্যাশা করতে পারে। তাই উপযোগী তথ্যের অনুপস্থিতির সুযোগে যাতে কৃষি খাতে কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে চালু করা হয়েছে ‘মোবাইল কৃষি তথ্যসেবা’। আজ সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে এ সেবার উদ্বোধন ঘোষণা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুশতাক আহমেদ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিসেসের (এআইএস) সঙ্গে যৌথ উদ্যোগে মোবাইল অপারেটর বাংলালিংক এ ‘মোবাইলভিত্তিক কৃষি তথ্যসেবা’ কার্যক্রম চালু করেছে।মতিয়া চৌধুরী বলেন, দেশের বর্তমান যোগাযোগ অবকাঠামোর মধ্যে কৃষকদের সঙ্গে কর্মকর্তা বা সরকারের বিভিন্ন পর্যায়ে নিবিড় যোগাযোগ রক্ষা করা অসম্ভব। এ কারণে কৃষকেরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাঁদের সহজে দৃষ্টিভঙ্গির বিনিময় করতে পারেন না। ফলে কৃষকেরা অনেক ক্ষেত্রেই ক্ষতির শিকার হচ্ছেন। অন্যদিকে মধ্যস্বত্বভোগীরা ক্রমেই লাভবান হচ্ছেন। নতুন এ মুঠোফোন সেবা-কার্যক্রম সরকার ও কৃষক উভয় পক্ষের মধ্যে তাত্ক্ষণিক যোগাযোগ ঘটিয়ে স্ব্বচ্ছ ও নিবিড় এক কর্ম ও চিন্তামুখর পরিবেশের সৃষ্টি করবে বলে আশা করেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, মোবাইল কৃষি তথ্যসেবার মাধ্যমে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ ও বৃহত্তর কৃষিজীবী মানুষ তাত্ক্ষণিক জরুরি ঘোষণা, পরামর্শ, সতর্কীকরণ বার্তা, সিদ্ধান্ত ইত্যাদি খুদেবার্তার মাধ্যমে গ্রহণ করতে পারবেন। কৃষক ও কৃষি কর্মকর্তাদের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুদেবার্তা বা ভয়েস রেকর্ডিং সার্ভিসের (ভিআরএস) বার্তা পাঠানোর ক্ষেত্রে ভাষাগত দূরত্ব ঘুচিয়ে নিয়ে আসতে বিশেষ ভিআরএস কাঠামো তৈরি করা হয়েছে। সরকারকে ধন্যবাদ জানিয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুরো দেশের অগ্রগতির ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ অসামান্য ভূমিকা রাখতে সক্ষম হবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সৈয়দ আলী, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবির, এআইএসের পরিচালক নজরুল ইসলাম, এআইএসের প্রধান তথ্য কর্মকর্তা আবদুল ওয়ালি খান প্রমুখ।