মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে এ সপ্তাহেই বিভিন্ন জেলা সফর শুরু করবে তদন্ত সংস্থা। পাঁচ কর্মকর্তার সমন্বয়ে দল করে পুরোদমে তদন্তকাজ পরিচালনা করা হবে। সাক্ষীদের সঙ্গে কথা বলে এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীদের কাছে প্রতিবেদন দাখিল করবেন। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করেই অভিযোগপত্র দেওয়া হবে।এই তদন্তকাজ যাতে অর্থবহ ও গতিশীল হয়, সে জন্য সংস্থায় আরও ছয় সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। আজ রোববার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। নতুন ছয়জন নিয়োগ হওয়ার পর তদন্ত সংস্থার সদস্যসংখ্যা হবে ২০।জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, পুরো বিচার-প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তদন্তকারীরা অভিযোগ তদন্ত করে যে তথ্য পাবেন, মূলত তার ওপর ভিত্তি করেই বিচার-প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া তদন্ত কর্মকর্তা যদি মনে করেন, তদন্ত প্রতিবেদন পেশ করার আগেই কোনো অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা গ্রেপ্তার করা প্রয়োজন, তবে তাই করা হবে।তদন্ত সংস্থায় নতুন নিয়োগ পাচ্ছেন সিআইডির পরিদর্শক শাহজাহান কবীর, এম আলতাফুর রহমান ও এম এম ইদ্রিস আলী, ডিবির পরিদর্শক মাসুদ করিম, শেখ আতাউর রহমান এবং এসবির পরিদর্শক নজরুল ইসলাম।জানতে চাইলে তদন্ত সংস্থার সমন্বয় ও তদারকির দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা আরও ছয়জন তদন্ত কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে তদন্ত সংস্থার কাজ পরিচালনায় যে জনবলসংকট ছিল, তা দূর হলো।’অতিরিক্ত সচিব বলেন, তদন্তকাজ চালাতে এ পর্যন্ত মোট ২০ কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। এ সপ্তাহেই তদন্ত কর্মকর্তারা জেলা পর্যায়ে কাজ শুরু করবেন।প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দাবি ছিল, এই তদন্তের জন্য ২০ জন তদন্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হোক। তদন্ত কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা আরও আগেই তদন্তকাজ শুরু করতে জেলা সফর শুরু করতেন। কিন্তু গাড়ি সংকটের কারণে তা হয়নি। তথ্য সংগ্রহ করতে শিগগিরই তাঁরা জেলা সফরে যাবেন। সংশ্লিষ্ট সূত্রমতে, বিচার-প্রক্রিয়ায় গতি আনতে গত কয়েক দিনে বেশ কয়েকটি বৈঠক করেছে সরকার। যাত্রা শুরুর পর তিন মাসে জনবল, অফিস, আবাসন ও যানবাহনের অপ্রতুলতার কারণে তদন্ত সংস্থার কাজ অনেকটাই স্থবির ছিল। তবে পুনরায় বড় পরিসরে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে সংস্থাটি।