তথ্যপ্রযুক্তি আইনে মাহমুদুর রিমান্ড শেষে কারাগারে
আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তথ্যপ্রযুক্তি আইন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে মাহমুদুর রহমানের আইনজীবীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা এবং চিকিত্সা বিষয়ে কারা কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।আইনজীবীরা অভিযোগ করেন, মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। তাঁর মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ‘আমার দেশ’ পত্রিকার ছাপাখানা বন্ধ করে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে তিনি অনশন পালন করছেন। যদি তাঁর মায়ের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, ১৯ কর্মচারীকে মুক্তি এবং ‘আমার দেশ’ পত্রিকা প্রকাশের অনুমতি দেওয়া না হয়, তাহলে তিনি অনশন চালিয়ে যাবেন। বিএনপিপন্থী আইনজীবীরা শুনানিকালে আদালতকে আরও বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন নয়। বিচারকের কলম এখন প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে। তাঁদের নির্দেশ মোতাবেক আদালত আদেশ দিয়ে থাকেন।’ আসামির পক্ষে জামিনের প্রার্থনা প্রত্যাহার করার আবেদন করেন আইনজীবীরা। আদালত শুনানি শেষে মাহমুদুর রহমানকে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ও চিকিত্সার বিষয়ে আদেশ দিয়ে এজলাস ত্যাগ করেন। ২০১২ সালের ১৪ ডিসেম্বর স্কাইপ কথোপকথন প্রকাশ করার ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে তেজগাঁও থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করা হয়। রাষ্ট্রদ্রোহ এবং তথ্যপ্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৬ ও ৫৭ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।