তথ্যপ্রযুক্তি বিষয়ে বৃত্তিসহ প্রশিক্ষণ
চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো দিন দিন আধুনিক ও প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। তারা এখন তথ্যপ্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদেরই অগ্রাধিকার দেয়। যে কারণে ভালো চাকরি পেতে হলে তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান থাকাটা জরুরি হয়ে পড়েছে।তেমনই একটি সুযোগ এনে দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠান দুটি তাদের ‘আইটি স্কলারশিপ’ প্রকল্পের আওতায় এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) যৌথ উদ্যোগে গঠিত হয় ‘আইডিবি-বিআইএসইডব্লিউ’ নামক প্রতিষ্ঠানটি, যা ২০০৩ সাল থেকে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মুসলমান শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ওপর প্রশিক্ষণ দিয়ে আসছে। যাতে তাঁরা স্বাবলম্বী হয়ে ওঠেন। ‘আইডিবি-বিআইএসইডব্লিউর এ কোর্সেপ্রতিটি ব্যাচে প্রায় ৫০০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। তবে যোগ্য প্রার্থী পেলে প্রায় ৬০০ জন শিক্ষার্থীও ভর্তি করানো হয়।’ জানালেন আইডিবি-বিআইএসইডব্লিউর প্রকল্প ব্যবস্থাপক মো. নওশের আলী।আবেদনের যোগ্যতা: প্রত্যেক আবেদনকারীকে ন্যূনতম স্নাতক অথবা ফাজিল পাস হতে হবে। ডিপ্লোমা প্রকৌশলী (সিভিল বা আর্কিটেকচার) উত্তীর্ণ প্রার্থীরা এবং মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে অথবা জিপিএ-২.২৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে চাকরিজীবীদের আবেদনের সুযোগ নেই।প্রশিক্ষণের বিষয়গুলো:আইডিবি-বিআইএসইডব্লিউতে মোট আটটি কোর্স রয়েছে।কোর্সগুলো হলো: আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, কম্পিউটার অ্যাসিস্টেড অ্যানিমেশন, ডেটাবেইস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওরাকল), এন্টারপ্রাইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন (সি#.নেট), এন্টারপ্রাইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন (ভিবি.নেট), এন্টারপ্রাইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন (জে২ইই), নেটওয়ার্কিং টেকনোলজিস এবং ওয়েব প্রেজেন্স সলিউশনস অ্যান্ড ইমপ্লিমেন্টেশনস। কোর্সগুলো ১০ থেকে ১৩ মাস মেয়াদি। ক্লাস হয় সপ্তাহে ছয় দিন। সুযোগ-সুবিধা: এই কোর্সে ভর্তির পর একজন প্রশিক্ষণার্থীর যাবতীয় ব্যয় প্রশিক্ষণ ফি, বই ও পরীক্ষা ফি প্রতিষ্ঠান বহন করে। সেই সঙ্গে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে মাসে দুই হাজার টাকা ভাতা দেয়। সফলভাবে কোর্স শেষ করতে পারলে মাইক্রোসফট, ওরাকল সান-জাভা ও রেড হাটের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানগুলো প্রত্যেককে ভেন্ডর সনদপত্র প্রদান করে, যা দেশে-বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই সহায়ক হয়। এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থী বর্তমানে মালয়েশিয়ায় গ্লোবাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত কার্জন রেজা চৌধুরী বলেন, ‘তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ ও দেশে থেকেই বিনা খরচে আন্তর্জাতিক সনদ অর্জনের দারুণ সুযোগ করে দিয়েছে আইডিবি, যা আমাদের মতো অন্যান্য শিক্ষার্থীর জন্য ব্যয়বহুল এবং প্রায় অসম্ভব। তাই আমি এখানে ভর্তি হয়েছিলাম।’ভর্তির প্রক্রিয়া: আইডিবি-বিআইএসইডব্লিউর প্রোগ্রাম অফিসার সৈয়দ রায়হান বাসার জানান, প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। ভর্তি প্রক্রিয়ার শুরুতেই প্রার্থীকে ইসলামী ব্যাংক বাংলাদেশের যেকোনো শাখা থেকে ১০০ টাকা দিয়ে আবেদন ফরম কিনে তা পূরণ করে জমা দিতে হবে। এরপর প্রার্থীকে অংশ নিতে হবে ১০০ নম্বরের (ইংরেজি ৫০, গণিত ৫০) লিখিত পরীক্ষায়। সাধারণত ইংরেজি ও গণিতের মৌলিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। মৌখিক পরীক্ষায় ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের আগ্রহ আছে কি না, সেটি দেখা হয়।বিষয় নির্বাচন-প্রক্রিয়া আইডিবি-বিআইএসইডব্লিউর তথ্যপ্রযুক্তির মোট আটটি কোর্সে কোন প্রার্থী কোন কোর্সে পড়বেন, তা একটি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রথমে কম্পিউটারের মৌলিক বিষয়ে ৩৫ দিনে মোট ৭০ ঘণ্টার একটি কোর্স করানো হয়। এই কোর্স শেষে প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে বিষয় নির্বাচন করা হয়। কাজের সুযোগ ও চাহিদা সৈয়দ রায়হান বাসার জানান, সাধারণত দেশ ও বিদেশের চাকরির বাজারের দিকে খেয়াল রেখেই আইডিবি-বিআইএসইডব্লিউর কোর্সগুলো সাজানো হয়। ফলে প্রশিক্ষণ শেষেই শিক্ষার্থীদের দেশে সরকারি-বেসরকারি দুই খাতেই কাজের প্রচুর সুযোগ ও চাহিদা রয়েছে। এ ছাড়া বিদেশেও রয়েছে কাজের ব্যাপক সুযোগ।বিস্তারিত জানতে যোগাযোগ: আইডিবি-বিআইএসইডব্লিউ, আইডিবি ভবন (পঞ্চম তলা), শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। ফোন: ৯১৩০৩৬৮, ৯১৩৯২৬৬। মোবাইল: ০১৯১৬২৫৫৮৫২। ই-মেইল: [email protected] ওয়েবসাইট: www.idb-bisew.org