তথ্যপ্রযুক্তি বড় পরিবর্তন এনেছে
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, ‘তথ্য এবং যোগাযোগপ্রযুক্তি আজকের দিনে প্রযুক্তিগত অগ্রগতিতে বড় পরিবর্তন এনেছে। বস্তুত আমরা এখন ডিজিটাল কম্পিউটার যুগে বাস করছি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির কারণে বিশ্ব ও মানবজীবনের প্রতিটি পর্যায়ে দ্রুত পরিবর্তন হচ্ছে। মানুষ এখন স্থানীয় ও বৈশ্বিকভাবে বেশি যুক্ত এবং তাদের তথ্য ও অধিকারে বেশি সুবিধা পাচ্ছে।’ আজ বৃহস্পতিবার সপ্তম ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-২০১২ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এই সম্মেলনের আয়োজন করে। তিন দিনব্যাপী এ সম্মেলন ২২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। প্রধান বিচারপতি বলেন, মুঠোফোন ও টেলিফোনের ব্যবহার অর্থনীতি এবং দেশের মানুষের জীবনধারণ পদ্ধতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বায়ন এবং বাংলাদেশে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। কারণ, বিশাল জনসংখ্যার ছোট এই দেশটি এর মধ্যে বাকি বিশ্বের সঙ্গে যুক্ত হয়েছে। তিনি বলেন, ‘আমরা অবশ্যই প্রযুক্তিনির্ভর ই-গভর্নেন্স এবং ই-কমার্সে প্রবেশ করব, যা সুশাসন প্রতিষ্ঠায় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে।’ প্রধান বিচারপতি আরও বলেন, তথ্য-যোগাযোগপ্রযুক্তি সুপ্রিম কোর্টে ও ঢাকা কোর্টে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা আদালতগুলোতে এটা প্রবর্তন করা হবে। আমাদের প্রত্যাশা, তথ্যপ্রযুক্তির প্রবর্তন বিচার ব্যবস্থায় আরও স্বচ্ছ, সুলভ, জনবান্ধব ও জবাবদিহিমূলক করবে। তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান অধ্যাপক প্রাণ কানাই সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মতিন পাটোয়ারী, তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন সত্য প্রসাদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন।আয়োজকেরা বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ প্রায় এক যুগ ধরে এই দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলনটি নিয়মিতভাবে আয়োজন করে আসছে। সম্মেলনের ২১ ও ২২ ডিসেম্বরের অধিবেশনে দেশি-বিদেশি গবেষকদের ৩৫টি টেকনিক্যাল সেশনে টেলিযোগাযোগ, ইলেকট্রনিকস, ন্যানোটেকনোলজি, ডিজিটাল প্রযুক্তি, কম্পিউটার কৌশল, নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কন্ট্রোল সিস্টেম, পাওয়ার সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে ২৪১টি গবেষণাপত্র উপস্থাপন হবে। প্রতিবছরের মতো এ বছরও বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে গবেষকেরা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন এবং এই দুই দিনে তাঁদের গবেষণাপত্র তুলে ধরবেন। বিশেষভাবে যুক্তরাষ্ট্র ও হংকং থেকে আসা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক দুটি বিশেষ প্লেনারি সেশনে তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।