তথ্যপ্রযুক্তি সম্পর্কে সচেতন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির ব্যবহার নারীর ক্ষমতায়নে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে। একইভাবে এই প্রযুক্তির অপব্যবহারে নারীরা নির্যাতনেরও শিকার হচ্ছেন। নারীকে নির্যাতনের উদ্দেশ্যে কেউ ডিজিটাল মাধ্যমে নারীর ছবি বা তথ্য ছড়িয়ে দিলে তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এ ধরনের নির্যাতনের হাত থেকে বাঁচতে নারীদের সচেতনভাবে তথ্যপ্রযুক্তির বিশেষ কৌশলগুলো জানতে ও শিখতে হবে।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধর বা কুষ্টিয়ার শিক্ষক হেলাল উদ্দিন পান্নাদের মতো কিছু লোক মুঠোফোনসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থী ও একাধিক নারীকে নির্যাতন করেছেন। এঁদের দ্রুত বিচারের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অন্যরা এ ধরনের অপরাধ করতে ভয় পাবে। তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে আইনের প্রয়োগ এবং নজরদারিও বাড়াতে হবে। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।গতকাল শনিবার ‘নারী নির্যাতন বন্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এসব কথা বলেন।প্রথম আলো এবং বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।বৈঠকে তথ্যপ্রযুক্তির ব্যবহার, বিশেষ করে সচেতনতার বিষয়টিতে গুরুত্ব দিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসান।গোলটেবিল বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া এ রহমান বলেন, মুঠোফোনের মাধ্যমে নারীকে নির্যাতন করার সুযোগ যাতে কেউ না পায়, সে জন্য মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে মতবিনিময় করতে হবে।গোলটেবিল বৈঠকে এ ধরনের নির্যাতন থেকে নারীদের বাঁচার কৌশলগুলো সম্পর্কে ব্যাপক প্রচারে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান আলোচকেরা।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, মধ্যরাতের পর বিনা পয়সায় কথা বলাসহ মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো লোভনীয় প্রস্তাব দিচ্ছে। এই সুযোগের অপব্যবহার করছে তরুণ সমাজের একাংশ। এ ক্ষেত্রে কোম্পানিগুলোকে দায়িত্ব নিতে হবে।তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার জানানোর জন্য কমিউনিটি রেডিও, যাত্রা, বাউলগানসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করার সুপারিশ করেন তিনি। এ ছাড়া দক্ষতা উন্নয়ন নীতির আওতায় যাঁরা কম্পিউটার প্রশিক্ষণে সনদ পাচ্ছেন, তাঁরা প্রশিক্ষণে প্রযুক্তি নিরাপত্তার বিষয়টি কতটুকু জানেন, তা-ও সম্পৃক্ত করার সুপারিশ করেন তিনি।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রথম আলোর পক্ষ থেকে মোবাইল ফোন অপারেটর কোম্পানি এবং বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেবেন বলে জানান। তিনি প্রথম আলোতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধে ব্যাপকভাবে প্রচারের প্রতিশ্রুতি দেন।মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহীন আনাম বলেন, দেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইন আছে, কিন্তু এর প্রয়োগ দুর্বল। তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেল করা হচ্ছে। সামাজিকভাবে হেয় হয়ে অনেক নারী আত্মহত্যা করছেন। এ ক্ষেত্রে সেই নারীর পাশে সবাইকে দাঁড়াতে হবে। ডিজিটাল মাধ্যমে একটি খারাপ বা বিকৃত ছবি যদি চলেই যায়, তাহলে জীবনের সব কিছু শেষ হয়ে যায়নি—নারীকেও সে ধরনের আত্মবিশ্বাস অর্জন করতে হবে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন জানান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের ১০৯২১ হেল্পলাইন নম্বরের কথা। রংপুরে এক নারীর ছবি তোলার পর ফটোগ্রাফার সেই ছবির নেগেটিভ দিতে অস্বীকার করেন এবং সেই ফটোগ্রাফারের প্রস্তাবে রাজি না হলে ছবির নেগেটিভ দিয়ে ছবি বানিয়ে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। সেই নারী হেল্পলাইনে ফোন করে সহায়তা চান। প্রশাসনের সহায়তায় খুব কম সময়ে সেই ফটোগ্রাফারকে ধরে আনা সম্ভব হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন) শামীমা বেগম প্রযুক্তিকে ব্যবহার করে নারী নির্যাতনের যেসব ঘটনা ঘটছে, তা তদন্ত করার জন্য পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দেন। তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারসহ বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার নারীদের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুরাইয়া পারভীন বলেন, শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ফার্স্ট জেনারেশন বা প্রথম কম্পিউটারসহ অন্যান্য ডিজিটাল যন্ত্র ব্যবহারকারী। অভিভাবকেরা এ প্রযুক্তি সম্পর্কে তেমন জ্ঞান রাখেন না। অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে হবে।বাংলাদেশ উইমেন ইন আইটির প্রেসিডেন্ট লুনা শামসুদ্দোহা প্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারের ভাইস প্রেসিডেন্ট রুবিনা এইচ ফারুক বলেন, নারী নির্যাতনের শিকার হলে কোথায় যাবেন, তখন তাঁর নিরাপত্তা বা গোপনীয়তা থাকবে কি না—বিষয়গুলো এখনো স্পষ্ট নয়। এ ছাড়া নির্যাতনের শিকার নারীরা পরিবারের সহায়তা পাচ্ছেন না।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শামিমা পারভিন সন্তানদের হাতে কখন প্রযুক্তি তুলে দেবেন, তুলে দেওয়ার আগে কী কী শর্ত দেবেন—অভিভাবকদের সে বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানান। সাইবার ক্রাইম বিশেষজ্ঞ জাবেদ মোর্শেদ তথ্যপ্রযুক্তি ব্যবহারের হাতেকলমে শিক্ষা দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেন। নির্যাতনের শিকার নারীরা যাতে খুব সহজে এসএমএস দিয়ে অন্যদের জানাতে পারেন, সে ধরনের ব্যবস্থা করা এবং এ ধরনের নির্যাতনের তথ্য জানানোর জন্য একটি ওয়েবসাইট, ডিজিটাল ফরেনসিক ল্যাব চালু এবং ট্রাইব্যুনালকে শক্তিশালী করার সুপারিশ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের কনটেন্ট কো-অর্ডিনেটর সুপর্ণা রায় বলেন, ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে মেয়েরা কাজ করছেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়া বা বিভিন্ন কারণে এসব কেন্দ্রে মেয়েদের ধরে রাখাই একটি বড় চ্যালেঞ্জ। কোন কোন বিষয়ে সচেতনতা: তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসান বলেন, ইন্টারনেটে ব্যক্তিগত ছবি দেওয়ার আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধু নির্বাচন বা বন্ধুত্বে সাড়া দেওয়ার আগেও সচেতন থাকতে হবে। ফেসবুকে সব কিছু যাতে প্রকাশ না হয়ে যায়, তা দেখতে হবে। মুঠোফোন নষ্ট হলে তা যেখানে ঠিক করতে দেওয়া হয়, সেখান থেকে ছবি ও তথ্য পাচার হয়। মুঠোফোন থেকে ছবি ও তথ্য যাতে অন্যরা কোনোভাবেই নিতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। ই-মেইলের পাসওয়ার্ড কোনোভাবেই প্রেমিক বা অন্যকে দেওয়া চলবে না। আর কোনো নারী যদি প্রযুক্তির ফাঁদে পড়েই যান, তাহলে চুপ করে থাকলে চলবে না। বিপদের কথা প্রকাশ করে সাহায্য চাইতে হবে।প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার: নারায়ণগঞ্জের (বন্দর ইউনিয়ন) ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা লাবনী আকতার শোনালেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এক বাল্যবিবাহ বন্ধের কাহিনি। ওই মেয়ের অভিভাবকেরা এ সেবাকেন্দ্রে এসে অনলাইনে করা জন্মনিবন্ধনে মেয়ের যে বয়স তা বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন। তবে অভিভাবকের এ ধরনের আবদার রক্ষা না করে তা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়। পরে প্রশাসনের সহায়তায় মেয়েটির বাল্যবিবাহ আটকানো সম্ভব হয়। ফেসবুক ব্যবহার করেও যে আন্দোলনকে জোরদার করা যায়।