তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ নিন
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন ধরনের কোর্স পরিচালনা করছে। এখানে দীর্ঘ ও স্বল্পমেয়াদি কোর্সে প্রশিক্ষণনেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে একাডেমি থেকে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। অনলাইনের মাধ্যমেও এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদন করা যায়। যেসব কোর্সে ভর্তি হওয়া যাবে: ডিপ্লোমা ইন আইসিটি, ওরাকল বেজড ডেটাবেইস অ্যাপ্লিকেশন ডিজাইন, পার্সোনাল কম্পিউটার ট্রাবলশুটিং, অফিস অটোমেশন, ওয়েব পেজ ডেভেলপমেন্ট, মাইক্রোসফট প্রজেক্ট ও ই-গভর্নেন্স অ্যান্ড ই-কমার্স—এ কোর্সগুলোতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে ডিপ্লোমা ইন আইসিটি কোর্স এক বছর মেয়াদি। বাকি কোর্সগুলো স্বল্প মেয়াদে, যেমন—পাঁচ থেকে ২৫ দিন পর্যন্ত হয়ে থাকে। অধিকাংশ কোর্স পেশাজীবীদের সুবিধার্থে সন্ধ্যাকালীন হয়। ডিপ্লোমা কোর্সের জন্য ৫০ হাজার এবং অন্যান্য কোর্সের ক্ষেত্রে চার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লাগে। অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা কোর্স পরিচালিত হয় বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ একাডেমিতে দুটি আধুনিক কম্পিউটার ল্যাব এবং জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল-সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে।ভর্তির যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তারা কর্তৃপক্ষের মনোনয়ন সাপেক্ষে ভর্তির সুযোগ পাবেন। তবে ভর্তির ক্ষেত্রে পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হয়।অন্যান্য প্রশিক্ষণ: জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে চারটি ভাগে কোর্স করানো হয়। ১. ফাউন্ডেশন কোর্সে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারের স্বাস্থ্য ও অর্থনীতিতে যাঁরা আছেন, তাঁরা প্রশিক্ষণের সুযোগ পাবেন। স্বাস্থ্য বিষয়ে ৪৫ এবং অর্থনীতি বিষয়ে ৬০ দিন মেয়াদি প্রশিক্ষণ হয়। ২. ডিপ্লোমা কোর্সে ডেভেলপমেন্ট প্ল্যানিং (পিজিডিডিপি), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (পিপিডিএম) প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পিপিডিএম ছয় মাস এবং বাকি দুটি এক বছর মেয়াদি। সরকারি-বেসরকারি পেশাজীবী এবং স্নাতক বা স্নাতকোত্তর প্রার্থীদেরও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ আছে। ৩. রেগুলার কোর্সে অর্থনীতি উন্নয়ন, প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ, অফিস ব্যবস্থাপনা লিডারশিপ, ইংরেজি শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারি পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হয়। ৪. জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধেও বিশেষ কোর্স চালু করে প্রশিক্ষণ দিয়ে থাকে।সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নানা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কোর্সগুলোও সাজানো হয় গ্রাহকের প্রয়োজনীয়তার ভিত্তিতে।প্রশিক্ষণের গুরুত্ব: জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির সহযোগী প্রশিক্ষক তৌহিদুর রহমান চৌধুরী বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে তথ্যপ্রযুক্তি বিষয়ে পরিবর্তন চোখে পড়ার মতো। ফলে এ বিষয়ে দক্ষতা অর্জন খুবই জরুরি। এ ছাড়া এ একাডেমিতে আরও নানা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আরও জানতে: জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, নীলক্ষেত, ঢাকা।ফোন: ০২-৮৬১৪৭০৫-৬, ৯৬৭৫৩৯২, ০১৭১৬৫৫০৮৫৫ ই-মেইল: [email protected]ওয়েব: www.napd.ac.bd