তথ্যপ্রযুক্তিতে বিশ্বমানের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরই মধ্যে উচ্চশিক্ষা শেষ করেছেন। কিন্তু প্রযুক্তি জ্ঞানের অভাবে মাঠে মারা যাচ্ছে আপনার চাকরির প্রত্যাশা। কীভাবে অর্জন করবেন তথ্যপ্রযুক্তি (আইটি) জ্ঞান—এই ভাবনায় সময় পার করছেন? তাহলে আপনার জন্য সুযোগটি রয়েছে, চেষ্টা করে দেখতে পারেন কাজে লাগানোর। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বিশ্ব আইটি স্কলারশিপের মাধ্যমে ১০ মাস থেকে এক বছরের একটি ডিপ্লোমা কোর্স করে পেতে পারেন আন্তর্জাতিক মানের সনদ। তখন আপনাকে আর কাজ বা চাকরি পাওয়া নিয়ে চিন্তা না করলেও চলবে।বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেপমেন্ট ব্যাংকের (আইডিবি) উদ্যোগে গঠিত ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) নামক একটি প্রতিষ্ঠান ১৯৯৭ সাল থেকে এ ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে। এটি বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেধাবী মুসলমান শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়। যাতে তারা স্বাবলম্বী হয়ে ওঠে এবং পরিবারের উন্নতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। আইডিবি-বিআইএসইডব্লিউর প্রোগ্রাম অফিসার সৈয়দ রায়হান বাসার জানান, ‘পড়ালেখা যে বিষয়েই হোক, চাকরি করতে এখন তথ্যপ্রযুক্তি জ্ঞান থাকাটা এখন বেশ জরুরি হয়ে পড়েছে। অনেকেই অর্থনৈতিক সমস্যা বা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকাসহ নানা কারণে এই বিষয়ে এখনো পিছিয়ে আছেন। সেজন্য আইডিবি বিশ্ব আইটি স্কলারশিপের মাধ্যমে তাদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করছে।’ আইডিবিতে প্রতি তিন মাস পর পর এখানে নতুন ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। প্রতি ব্যাচে প্রায় ৩০০ করে বছরে এক হাজার ২০০ জনকে এ প্রশিক্ষণের জন্য ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়। ইতিমধ্যে ১৭তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।আবেদনের যোগ্যতা: ভর্তিচ্ছুক প্রার্থীকে ন্যূনতম স্নাতক, ফাজিল বা সমমানের পাস হতে হবে। ডিপ্লেমা প্রকৌশলী (সিভিল বা আর্কিটেকচার) উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। কম্পিউটার বিষয়ে ধারণা না থাকলেও চলবে। আগ্রহীদের অবশ্যই এসএসসি বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। তবে চাকরিজীবীদের আবেদনের সুযোগ নেই।ভর্তির প্রক্রিয়া আইটি স্কলারশিপ পেতে আপনাকে আবেদনের পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এতে চূড়ান্তভাবে নির্বাচিত হলেই কেবল প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের যেকোনো শাখা থেকে ১০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আইডিবি-বিআইএসইডব্লিউর প্রোগ্রাম অফিসার সৈয়দ রায়হান বাসার বলেন, প্রার্থীদের প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। এই কোর্সে মৌখিক পরীক্ষা খুবই গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হয়ে থাকে। বিশেষ করে মৌখিক পরীক্ষায় সাধারণত বিষয়ভিত্তিক প্রশ্ন করার চেয়ে ভর্তিচ্ছুক প্রার্থীদের ব্যক্তিগত তথ্য ও পারিবার সম্পর্কে জানতে চাওয়া হয়। প্রয়োজনে প্রার্থীর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়ে থাকে। তাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও আলাদাভাবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুযোগ-সুবিধা: সৈয়দ রায়হান বাসার আরও জানান, নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাসে দুই হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। অভিজ্ঞ শিক্ষকরাই এখানে প্রশিক্ষণ দেন। আর আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে কোর্সগুলো সাজানো হয়ে থাকে। প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ ফি, বই ও পরীক্ষা ফি প্রতিষ্ঠান বহন করে আইডিবি-বিআইএসইডব্লিউ। সফলভাবে কোর্স শেষ করতে পারলে মাইক্রোসফট, ওরাকল, সান-জাভা ও রেডহাটের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানগুলোই প্রত্যেককে ভেন্ডর সনদ প্রদান করে। যা দেশ-বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই সহায়ক হয়। এই প্রতিষ্ঠানের ১১তম ব্যাচে কোর্স সম্পন্নকারী মো. রকিবুল হাসান জানান, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক পাস করে এই প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি একটি সফটওয়ার কোম্পানিতে ইন্টার্নিশিপ করছেন। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ ও দেশে থেকেই বিনা খরচে আন্তর্জাতিক সনদ অর্জনের দারুণ সুযোগ করে দিয়েছেআইডিবি। যা আমাদের মতো অন্যান্য শিক্ষার্থীর জন্য ব্যয়বহুল ও প্রায় অসম্ভব। তাই আমি এখানে ভর্তি হই।’বিষয় নির্বাচন-প্রক্রিয়াতথ্যপ্রযুক্তিতে মোট আটটি কোর্সে কোন প্রার্থী কোন কোর্সে পড়বেন তা একটি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হয়। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রথমে ৩৫ দিনের মোট ৭০ ঘণ্টার একটি কম্পিউটারের মৌলিক বিষয়ে কোর্স করানো হয়। এই কোর্সের মাধ্যমে প্রার্থীর প্রাথমিক যোগ্যতা বিবেচনা করে সে অনুযায়ী বিষয় নির্ধারণ করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলো: তথ্যপ্রযুক্তি বিষয়ে আটটি কোর্সে ভর্তির সুযোগ আছে। কোর্সগুলো হলো—আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, কম্পিউটার অ্যাসিস্টেড অ্যানিমেশন, ডেটাবেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওরাকল), এন্টারপ্রাইজ সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন (সি#. নেট), এন্টারপ্রাইজ সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন (ভিবি.নেট), এন্টারপ্রারইজ সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন (জে২ইই), নেটওয়ার্কিং টেকনোজিস এবং ওয়েব-প্রেজেন্স সলিউশন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন্স। কোর্সগুলো ১০ মাস থেকে ১২ মাস মেয়াদি। ক্লাস চলে সপ্তাহে ছয় দিন। দিবা শাখায় সকাল নয়টা থেকে বেলা একটা এবং বিকেল শাখায় বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।কাজের সুযোগ ও চাহিদাজানা গেছে, কোর্সগুলো এমনভাবে সাজানো হয় যে প্রার্থী এখানে যে কোর্সই সম্পন্ন করেন না কেন, তিনি নিজেকে দক্ষ মানবশক্তি হিসেবে উপস্থাপন করতে পারবেন। সৈয়দ রায়হান বাসার বলেন, এখান থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে কোর্সসম্পন্নকারীদের জন্য সরকারি-বেসরকারি দুই জায়গাতেই প্রচুর সুযোগ ও চাহিদা রয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই বর্তমানে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অফিস প্রকল্পে কাজ করছে। আমাদের কাছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান বা চাকরিদাতারাও কোর্সসম্পন্নকারী জনবল খোঁজ করেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যেও প্রচুর চাহিদা রয়েছে। মধ্যপ্রাচ্যে চাকরিদাতারাও আগ্রহ নিয়ে এ রকম প্রার্থীদের চাহিদার কথা জানান। আরও বিস্তারিত জানতে: যোগাযোগ করতে পারেন আইডিবি-বিআইএসইডব্লিউ, আইডি ভবন (৫ তলা), শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। ফোন: ৯১৩০৩৬৮। দেখতে পারেন ওয়েবসাইট: www.idb-bisew.org