তথ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিগন্ত ও ইসলামিক টেলিভিশন চালু এবং ‘আমার দেশ’ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে জাতীয় দৈনিকের ১৫ জন সম্পাদকের বিবৃতির বিরুদ্ধে তথ্যমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব শওকত মাহমুদ। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভেতরে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। দৈনিক ‘আমার দেশ’, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ান, যমুনা টিভি ও শীর্ষ নিউজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং মাহমুদুর রহমানের মুক্তি, সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধের প্রতিবাদে বিএফইউজের একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।গত শনিবার ১৫টি জাতীয় পত্রিকার সম্পাদকেরা এক যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে ছাপাখানা খুলে দিয়ে দৈনিক ‘আমার দেশ’ প্রকাশ নির্বিঘ্ন করা, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার চালু করার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ সকালে তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ওই ১৫ জন সম্পাদকের উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘মাহমুদুর রহমানের মতো কলঙ্কজনক ব্যক্তির পক্ষে সাফাই গাওয়া সংবাদপত্রের জন্য মঙ্গলজনক নয়। এতে গণমাধ্যমকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’ এই তিন প্রতিষ্ঠানের পক্ষে ‘ওকালতি’ না করার অনুরোধ জানান মন্ত্রী।তথ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে শওকত মাহমুদ বলেন, ‘১৫ জন সম্পাদকের দেওয়া বিবৃতির বিরুদ্ধে দেওয়া আপনার বক্তব্য প্রত্যাহার করুন। তা না হলে সাংবাদিক সমাজ আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে।’অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘আমাদের তথ্যমন্ত্রী শেষ বেলায় এসে যে তরীতে উঠেছেন, ওই তরী ছিদ্র হয়ে গেছে। তিনি টেলিভিশন চ্যানেল ও পত্রিকা বন্ধ ঠেকাতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে উল্টো ব্যাখ্যা দিচ্ছেন।’ অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।