তথ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ সাংবাদিক নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তাঁরা এ অভিযোগ করেন।‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ওই অবস্থান কর্মসূচি চলে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী অভিযোগ করেন, মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মাহমুদুরের মুক্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ না মাহমুদুর রহমান মুক্তি পাবেন এবং “আমার দেশ” পত্রিকা প্রকাশিত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মিথ্যাচার করছেন অভিযোগ করে রুহুল আমিন গাজী বলেন, ‘একদিকে তিনি বলছেন “আমার দেশ” বন্ধ করা হয়নি, অন্যদিকে পত্রিকার ছাপাখানায় তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তথ্যমন্ত্রীর চরম মিথ্যাচার ছাড়া কিছুই নয়।’জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, দেশের মানুষের পক্ষে অবস্থান নেওয়ায়, গণতন্ত্রের পক্ষে কথা বলায় এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে সরকার। তিনি বলেন, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। তিনি মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, ‘গণতন্ত্রের ওপর শ্রদ্ধাশীল হোন, সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সম্মান দেখান। কেননা, এভাবে অগণতান্ত্রিক আচরণ করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।’অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মো. বাকের হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল আমিন রোকন, সহসভাপতি আমিরুল ইসলাম কাগুজি, এম আবদুল্লাহ, কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, সাংবাদিক বাছির জামাল প্রমুখ।