উইকিলিকস নিয়ে যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা বেশ ভালোই জমেছে। মার্কিন কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করছে ইন্টারনেটের জগৎ থেকে উইকিলিকসকে উধাও করে দিতে। কিন্তু বিশ্বমোড়লদের গোমর ফাঁস করে দেওয়া উইকিলিকস কর্তৃপক্ষ এবং এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও কম যান না। একটা ওয়েবসাইট বন্ধ হলে তিনটা ওয়েবসাইট খুলে বসছেন তিনি।যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গত বৃহস্পতিবার উইকিলিকসের ওয়েবসাইট বন্ধ করে দেয়। কিন্তু ছয় ঘণ্টার মধ্যে সুইজারল্যান্ড থেকে আবার চালু হয় উইকিলিকস। আর গতকাল শনিবার উইকিলিকস ঘোষণা দিয়েছে, জার্মানি, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডে তাঁদের ওয়েবসাইটের পৃথক তিনটি ডোমেইন নিবন্ধন করা হয়েছে।সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারের বার্তায় উইকিলিকস কর্তৃপক্ষ লিখেছে, ‘প্রথমবারের মতো বড় ধরনের তথ্যযুদ্ধ (ইনফো ওয়ার) শুরু হয়ে গেছে। যুদ্ধক্ষেত্র উইকিলিকস, আর আপনারা সৈন্যসামন্ত।’কিন্তু যুদ্ধে অতিসত্বর হার স্বীকার করার পাত্র নয় যুক্তরাষ্ট্র। উইকিলিকসের ওয়েবসাইট বন্ধ করতে ব্যর্থ হয়ে তারা এখন চাপ বাড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর। উইকিলিকস ও অ্যাসাঞ্জকে কোনো রকম সহযোগিতা না করতে হুমকি-ধমকিও দিচ্ছে তারা। এতে সাড়া দিয়েছে অনলাইনে অর্থ আদান-প্রদানের প্রতিষ্ঠান পেপ্যাল। উইকিলিকসের অর্থ স্থানান্তর বন্ধ করে দিয়েছে তারা। গত শুক্রবার এক বিবৃতিতে পেপ্যাল জানিয়েছে, প্রতিষ্ঠানের নিয়মনীতি ভঙ্গ করায় উইকিলিকসের পেপ্যাল হিসাব স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিভিন্ন পক্ষ থেকে পাওয়া হাজার হাজার ডলার হস্তগত করতে বেগ পেতে হতে পারে উইকিলিকস কর্তৃপক্ষকে।একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উইকিলিকস তাদের ওয়েবসাইটের সার্ভার ফ্রান্সে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এ কথা জানতে পেরেই ফরাসি মিত্রদের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফরাসি সরকারও এখন উইকিলিকসের ওয়েবসাইট নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে যাচ্ছে। ফরাসি বাণিজ্যমন্ত্রী এরিক বেসন উইকিলিকসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের ব্যবসায়ী এবং তথ্যপ্রযুক্তি খাতের নেতাদের নির্দেশ দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, ফ্রান্সে উইকিলিকসের সার্ভার শিগগির বন্ধ করে দেওয়া হবে।অ্যাসাঞ্জকে হত্যার হুমকি: যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নানামুখী পদক্ষেপ সত্ত্বেও অ্যাসাঞ্জ যে বহাল তবিয়তেই আছেন, বোধহয় তার প্রমাণ দিতেই গত শুক্রবার অজ্ঞাতনামা স্থান থেকে অনলাইনে হাজির হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ জানান, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবে তিনি দাবি করেন, নথি ফাঁস করে তিনি কোনো ভুল করেননি। তিনি বলেন, আমার বা উইকিলিকসের কিছু হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আরও এক লাখ গোপন নথি ফাঁস হয়ে যাবে।অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গত মাসে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুইডিশ পুলিশ। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। এ ছাড়া গত বৃহস্পতিবার অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সুইডেন। ধারণা করা হচ্ছে, তিনি যুক্তরাজ্যে আত্মগোপন করে আছেন।যুক্তরাষ্ট্রের প্রচারণা: যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উইকিলিকসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। জনসাধারণের মধ্যে তারা এমন ধারণা সৃষ্টির চেষ্টা করছে যে উইকিলিকস যা করছে, তা বেআইনি। যারা উইকিলিকসে সহযোগিতা করবে, ভবিষ্যতে তারা সরকারি চাকরির অযোগ্য বলে বিবেচিত হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।হোয়াইট হাউসের নির্দেশ: সরকারি কর্মকর্তারা যাতে যথাযথ অনুমোদন ছাড়া উইকিলিকসে ফাঁস করা গোপন নথি পড়তে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন সংস্থাকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘গোপন তথ্য গোপন রাখাই প্রত্যেক কর্মকর্তার দায়িত্ব। গোপন তথ্য প্রকাশ হওয়া মানে এই নয় যে সেগুলো গোপন রাখার প্রয়োজন ফুরিয়ে গেছে।’এগিয়ে এসেছেন হ্যাকাররা: একসময়কার হ্যাকার জুলিয়ান অ্যাসাঞ্জকে সহযোগিতা করতে হাত বাড়িয়ে দিয়েছেন ইউরোপের হ্যাকাররা। তাঁরা বলেছেন, উইকিলিকসের মতো ওয়েবসাইট চালু রেখে তথ্য অধিকার বহাল রাখতে চান তাঁরা। তাই উইকিলিকসের জন্য ইউরোপের বিভিন্ন দেশে ২১টি ডোমেইন জোগাড় করেছেন তাঁরা।অ্যাসাঞ্জের পাসপোর্ট: সুইডেনে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অ্যাসাঞ্জের পাসপোর্ট বাতিল করার চিন্তাভাবনা করছে অস্ট্রেলিয়া। তবে পাসপোর্ট বাতিল করে আদৌ কোনো লাভ হবে কি না, সেই প্রশ্ন তুলেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল রবার্ট ম্যাকক্লিল্যান্ড। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, দোষী সাব্যস্ত হলে অ্যাসাঞ্জকে দেশে ফিরতে দেওয়া না-ও হতে পারে।বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রী গিলার্ড: জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, নথি ফাঁসের ঘটনায় তাঁকে সহযোগিতা না করে যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গিলার্ড ও অ্যাটর্নি জেনারেল ম্যাকক্লিল্যান্ডের কাজে এটা পরিষ্কার হয়ে গেছে যে, আমার দেশে ফেরাই শুধু অসম্ভব নয় বরং তাঁরা সক্রিয়ভাবে মার্কিন সরকারকে সহযোগিতা করছেন।’ইয়েমেনে হামলার নতুন নথি: উইকিলিকসের ফাঁস করা নতুন নথিতে দেখা গেছে, গত ডিসেম্বর মাসে ইয়েমেনে আল-কায়েদার অবস্থানের ওপর গোপনে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইয়েমেন সরকার ওই হামলার অনুমতি দিয়েছিল। কিন্তু ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ওই সময় দাবি করেছিলেন, তাঁর দেশের বাহিনীই ওই হামলা চালিয়েছে। গোপন নথিতে আরও দেখে গেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট মার্কিন কর্তৃপক্ষকে বলছেন বিমান হামলা অব্যাহত রাখতে।উইকিলিকস গত রোববার আড়াই লাখের বেশি মার্কিন গোপন নথি ফাঁস করে দেয়। মার্কিন কূটনীতির গুরুত্বপূর্ণ অনেক গোপন বিষয় জানাজানি হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়ে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলো। গত অক্টোবর মাসে ওয়েবসাইটটি ইরাক যুদ্ধ নিয়ে প্রায় চার লাখ গোপন নথি ফাঁস করে। এ ছাড়া গত জুলাইয়ে তারা প্রকাশ করে আফগানিস্তান যুদ্ধ নিয়ে মার্কিন বাহিনীর প্রায় ৯২ হাজার গোপন নথি। এএফপি, বিবিসি।