তদন্ত আর শেষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ওয়ার্ড কাউন্সিলর ও যুবদলের নেতা আহমদ হোসেন হত্যার ঘটনায় সব আসামিকেই গ্রেপ্তারের দাবি করেছিল পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্রও পুলিশ উদ্ধার করে। এরপর বছর গড়িয়ে যায়, কিন্তু তদন্ত আর শেষ হয়নি। কবে অভিযোগপত্র দেওয়া হবে, তাও বলতে পারছেন না পুলিশ কর্মকর্তারা। আলোচিত এ মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমকে গোয়েন্দা কার্যালয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।মামলার অগ্রগতি জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু কবে অভিযোগপত্র দেওয়া হবে, তা ঠিক হয়নি। গত বছরের ৯ ফেব্রুয়ারি রাজধানীর পুরান ঢাকার আলুবাজারে সন্ত্রাসীদের গুলিতে খুন হন ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমদ হোসেন। পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া লোকজন গোয়েন্দা পুলিশকে জানান, আহমদকে হত্যার জন্য কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দীন কলকাতায় গিয়ে শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের সঙ্গে অর্ধ কোটি টাকার চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ডাকাত শহীদের অনুসারী শহীদুল ইসলাম ওরফে বিদ্যুতের তত্ত্বাবধানে শ্যুটার কাউসারসহ কয়েকজন আহমদকে খুন করেন। পুলিশ এ মামলায় পর্যায়ক্রমে সন্ত্রাসী আসলাম, নান্টু ও কমিশনারের ব্যক্তিগত কর্মী গুড্ড, হত্যাকাণ্ডের সমন্বয়কারী বিদ্যুৎ ও শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দীনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে বিদ্যুতের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহার করা একটি পিস্তল, একটি রিভলবার, সাতটি গুলি, একটি ছোরাসহ কাউসারকে গ্রেপ্তার করে। কাউসার স্বীকার করেন, তিনিই মূল হত্যাকারী ছিলেন। তাঁদের গ্রেপ্তারের পর গত বছরের ২৯ মার্চ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, আলুবাজারের ‘ঢাকা টাওয়ার’ ভবন তৈরির সময় আহমদকে চার কোটি টাকা দিয়েছিলেন নাজিম চেয়ারম্যান। পরবর্তী সময়ে এই টাকা তিনি আর ফেরত পাননি। এ নিয়ে রাগ থেকেই তিনি আহমদকে খুন করার পরিকল্পনা করেন। সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে নাজিম চেয়ারম্যানের মুখ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের নাম আসে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে তলব করা হয়। জানতে চাইলে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডাকাত শহীদ ছাড়া এ মামলার উল্লেখযোগ্য প্রায় সব আসামিই গ্রেপ্তার হয়েছেন। অস্ত্রটিও উদ্ধার হয়েছে। সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ শেষ পর্যায়ে আছে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে।পরিবার উদ্বিগ্ন: গ্রেপ্তার হওয়ার তিন মাসের মাথায় গত বছরের ৪ জুন জামিন পেয়ে যান নাজিমউদ্দীন। এর কিছুদিন পরই জামিন পান বিদ্যুৎ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দুই আসামি জামিনে মুক্ত হওয়ায় তারা উদ্বিগ্ন। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ডাকাত শহীদ পুরান ঢাকার অপরাধজগতের অন্যতম নিয়ন্ত্রক আর নাজিম চেয়ারম্যান কেরানীগঞ্জের অন্যতম প্রভাবশালী, তাঁরও রয়েছে বিশাল বাহিনী। এই দুই শক্তিশালী চক্র এক হয়ে খুন করে আহমদকে। গত বছর মামলাটি নিয়ে পুলিশ ও গণমাধ্যমে খুব আলোচনা হয়। এর ফলে তাদের পরিবারের ওপর খুব চাপ আসে। আহমদের অন্য ভাইয়েরা ব্যবসা করেন। নিজেদের নিরাপত্তার স্বার্থে তাঁরা এ নিয়ে কিছু বলতে চাননি। নিহত আহমদের স্ত্রী নওশেবা বেগম প্রথম আলোকে বলেন, নাজিম চেয়ারম্যানের নির্দেশেই তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। তার পরও নাজিম জামিন পেয়ে যান। খুনের সমন্বয়কারী ডাকাত শহীদের সহযোগী বিদ্যুৎও জামিন পেয়ে যান। তিনি বলেন, এক বছর আগে পুলিশ সব অপরাধীকে ধরে ফেললেও কী কারণে এত দিন ধরে অভিযোগপত্র দিচ্ছে না, তা তাঁরা জানেন না।