অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ চায় পদ্মা সেতু নিয়ে দুর্নীতির তদন্ত ও সেতু প্রকল্প বাস্তবায়ন একসঙ্গে চলুক। বাংলাদেশ আরও চায়, ঋণচুক্তি বাতিলের আগে আলোচনা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই সব শুরু করা।বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে কাল মঙ্গলবার জাপান যাচ্ছেন অর্থমন্ত্রী। সেখানে যাওয়ার আগে গতকাল রোববার সচিবালয়ে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। অর্থমন্ত্রী এ সময় বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ফিরে আসা নিয়ে ইতিমধ্যেই তাদের চিঠি দিয়ে ধন্যবাদ জানানো হয়েছে। সেপ্টেম্বরে যেটা হয়েছে, সেটা সেপ্টেম্বরেই শেষ। সে আলোচনা আর তাদের সঙ্গে হবে না। তবে এবার টোকিওতে পদ্মা সেতু নিয়ে আলোচনায় দুটি বিষয়ের ওপর জোর দেওয়া হবে। এর একটি হচ্ছে, তদন্ত ও বাস্তবায়ন একসঙ্গে চালানো। অন্যটি হচ্ছে, আলোচনা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু করা।অর্থমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ প্যানেলের প্রতিবেদনের ওপরই পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নির্ভর করছে। পর্যবেক্ষণ প্যানেলটি আগামী সপ্তাহে ঢাকায় আসার কথা। তিনি জানান, জাপানে বিশ্বব্যাংকের ওই দুর্নীতি পর্যবেক্ষণ দলের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। এর পরই দলটি ঢাকায় আসবে। ঢাকায় আসার পর তাদের সঙ্গে আবারও দেখা হতে পারে বলে জানান তিনি। মুহিত বলেন, টোকিওতে বিশ্বব্যাংকের সঙ্গে যে আলোচনা হবে এর সবই পদ্মা সেতু নিয়ে। তবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক কোনো বৈঠক নেই। এম এ মুহিত বলেন, ‘ঢাকায় বিশ্বব্যাংকের যে প্যানেলটি আসছে তাদের সব কর্মকাণ্ড দুদকের সঙ্গে। দুদকও প্রস্তুত। বিষয়টি নিয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে আমার বৈঠকও হয়েছে। বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ দলটি দুদকের সঙ্গে বৈঠক করে সার্বিক বিষয়ে অবহিত হবে। এরপর তাঁরা একটি সিদ্ধান্তে (জাজমেন্টে) আসবেন এবং তাঁদের সুপারিশ বিশ্বব্যাংকে পাঠাবেন। আর এর ওপরই নির্ভর করছে অর্থায়নের বিষয়টি।’এদিকে পদ্মা সেতুর অনিয়ম নিয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে দুদক কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার সঙ্গে বিশ্বব্যাংকের কথা হয়েছে। তাঁরা অক্টোবরের মাঝামাঝি সময়ে আসবেন বলে জানিয়েছেন।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের প্যানেল আসছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। তারা যদি আমাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে, তা হলে কমিশনের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে।’