তদন্ত কমিটি ও এসইসি দ্রুত পুনর্গঠনের তাগিদ
শেয়ারবাজারে ধসের কারণ খুঁজে বের করতে দ্রুত তদন্ত কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়েছে। ১৫ দিনের লম্বা সময় না নিয়ে দ্রুত কমিটি গঠন এবং কমিটির কাজ নির্ধারণ করা প্রয়োজন বলেও মত দিয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) পুনর্গঠনের কাজ দ্রুত করে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাকারী একটি সংস্থায় রূপান্তরের পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা । অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত রোববার ১৫ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন, পাশাপাশি এসইসিকে শক্তিশালী করার কথা বলেছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ মনে করেন, একটি তদন্ত কমিটি গঠন করতে ১৫ দিন লাগার কথা নয়। তবে সরকার যদি সত্যিকার অর্থেই বাজার ধসের প্রকৃত কারণ বের করতে চায়, তাহলে এই কমিটির কার্যপ্রণালিতে তার প্রতিফলন থাকতে হবে। ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির পরেও সরকার দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে সরকার মামলাও করেছিল। মামলায় ১৫টি প্রতিষ্ঠানের ৩৫ জনকে অভিযুক্ত করা হলেও এখনো এর নিষ্পত্তি হয়নি। ফলে কেবল তদন্ত কমিটি গঠন করলেই হবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন অধ্যাপক আবু আহমেদ। অর্থমন্ত্রী গত রোববার প্রেস ব্রিফিংয়ে ’৯৬-এর কেলেঙ্কারি ঘটনার সাক্ষী না পাওয়াকে দায়ী করেছেন। কেননা, ১৯৯৬ সালে জাল শেয়ারের আধিক্য ছিল। লেনদেন সংরক্ষণের সুবিধা ছিল না। কিন্তু এখন সেন্ট্রাল ডিপোজিটরি ব্যবস্থা থাকায় সব ধরনের লেনদেনের তথ্য পাওয়া সম্ভব। সুতরাং সাক্ষী পাওয়া যাবে। এ কারণে নতুন তদন্ত কমিটির পক্ষে অস্বাভাবিক লেনদেন বা কারসাজির তথ্য চিহ্নিত করা যাবে—এ কথা উল্লেখ করে আবু আহমেদ বলেন, ‘প্রশ্ন হচ্ছে, সরকার কতখানি আন্তরিক। সবকিছু সরকারের আগ্রহের ওপরই নির্ভর করছে। সরকার যদি আসলেই প্রকৃত দায়ীদের চিহ্নিত করতে চায়, তাহলে সেভাবেই তদন্ত কমিটি গঠন করতে হবে।’বাজার ধসের জন্য এসইসির নেওয়া অনেক সিদ্ধান্তকেও দায়ী করা হচ্ছে। অর্থমন্ত্রী নিজেও সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন। এ পরিস্থিতিতে বিশেষ করে, সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এসইসির পুনর্গঠন দ্রুত হওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে। আবু আহমেদ বলেন, শেয়ারবাজারের স্বার্থসংশ্লিষ্ট ও প্রভাবশালীদের নানাভাবে এসইসিকে প্রভাবিত করতে দেখা গেছে। অথচ এসইসি প্রয়োজন সাধারণ বিনিয়োগকারীদের জন্য। প্রভাবশালীদের স্বার্থ রক্ষা করে, এমন এসইসির কোনো প্রয়োজন নেই। সুতরাং নিয়ন্ত্রক সংস্থাটিকে ঢেলে সাজানো প্রয়োজন এবং কাজটি দ্রুতই করতে হবে।