তদন্ত কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পুলিশের হেফাজতে তিনজনের মৃত্যুর ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই কমিটিতে পুলিশের কোনো সদস্যকে রাখা হয়নি। কমিটি আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।এই তিন মৃত্যুর ঘটনায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপি) কার্যালয় থেকে আদালতকে জানানো হয়েছে।হাইকোর্ট গত ৫ জুলাই এই তিন মৃত্যুর ঘটনা তদন্তে সাত দিনের মধ্যে কমিটি গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কমিটিতে পুলিশ সদস্য না রাখার কথাও বলেছেন আদালত। আদালতের আদেশ হাতে পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটি গঠন করল।তদন্ত কমিটি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত মোস্তফাকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। অপর সদস্য হলেন উপসচিব (আনসার) মোদাচ্ছের আলী।জানতে চাইলে শওকত মোস্তফা প্রথম আলোকে বলেন, কমিটি কাজ শুরু করেছে। এক মাসের মধ্যে তাঁরা প্রতিবেদন পেশ করতে পারবেন। কর্মপরিকল্পনা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটি একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে। তিন থানা এলাকায় তিন ব্যক্তির মৃত্যুর সময় থানায় যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। মৃত্যুর কারণ জানতে নিহত ব্যক্তিদের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করবে কমিটি।গুলশান ও দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আজ সোমবার হাইকোর্টে হাজির হবেন বলে জানা গেছে। যোগাযোগ করা হলে গুলশান থানার ওসি কামালউদ্দীন বলেন, ‘আদালত যা জানতে চেয়েছেন, তা জানানো হবে।’পুলিশ কমিশনারের বক্তব্য: ডিএমপির কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, তিন মৃত্যুর ব্যাপারে আদালত যেসব নির্দেশনা দিয়েছিলেন, তা যথাযথভাবে পালন করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা হেফাজতে মৃত্যু রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তাও জানানো হয়েছে।তিন মৃত্যু: অভিযোগে জানা যায়, ১ জুলাই সাভার থানার মেলারটেক ঘাটে শিশুপুত্রের সামনেই মজিবরকে মারধর করে দারুস সালাম থানার পুলিশ। পরদিন সকালে তুরাগ নদীতে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় দারুস সালাম থানার পুলিশসহ সাতজনকে আসামি করে মামলা করেছেন তাঁর বাবা। মামলায় অভিযোগ করা হয়, ঘুষের টাকা না দেওয়ায় অভিযুক্তরা তাঁর ছেলে মজিবর রহমানকে হত্যা করেছে।এর আগে ২৮ জুন রমনা থানার পুলিশের হেফাজতে অটোরিকশাচালক বাবুল গাজীর মৃত্যু হয়। পুলিশের হেফাজত থেকে পালানোর সময় দুর্ঘটনাবশত বাবুল গাজীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাঁর স্ত্রীর অভিযোগ, ঘুষের দাবিতে পুলিশ তাঁর স্বামীকে নির্যাতন করে হত্যা করেছে।৩০ জুন রাতে গুলশানে পুলিশের হেফাজতে ব্যবসায়ী মিজানুর রহমান নিহত হন। এ ঘটনায় দুই উপপরিদর্শককে রাজারবাগ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।তিন মৃত্যুর ঘটনার তদন্ত ও সার্বিক বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী এলিনা খান এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান হাইকোর্টে রিট করেন। এলিনা খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আশা করি, পুলিশ কর্মকর্তারা প্রকৃত ঘটনা আদালতের কাছে তুলে ধরবেন।’