সুনামগঞ্জে শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু
তদন্ত কমিটি গঠন, জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ
সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থী শিক্ষিকা অনামিকা দাসের (২২) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আজ সোমবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের হোস্টেলের তত্ত্বাবধায়ক (সুপার) আবুল কাশেমকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার ও বিচারের দাবিতে আজ বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষিকারা।জানা গেছে, পিটিআইয়ের শিক্ষক-শিক্ষিকারা আজ দুপুরে ক্লাস বর্জন করে ওই কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে দেন এবং ক্যাম্পাসে বিক্ষোভ করে তাঁর কুশপুত্তলিকা দাহ করেন।শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু ও কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ঘটনা তদন্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মজিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আবদুর রহমান ও সহকারী পরিচালক মো. রায়হান। কমিটি কাল মঙ্গলবার সকাল থেকে তদন্ত শুরু করবে।প্রসঙ্গত, গত শনিবার সকালে পিটিআইয়ের আবাসিক হোস্টেলের নিজ কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিক্ষিকা অনামিকা দাসের লাশ উদ্ধার করা হয়। তিনি ছাতক উপজেলা বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এর পর থেকে ওই প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত শিক্ষক-শিক্ষিকারা জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিচারের দাবিতে আন্দোলন করছেন।