তদন্ত কমিটি গঠন, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার হরতাল চলাকালে রাজধানীর দিলকুশায় এক ব্যক্তিকে পুলিশের বুট চাপা দেওয়ার ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মহানগর পুলিশ। মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে গত শনিবার এ কমিটি করা হয়।এদিকে ওই বিষয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মীর শহিদুল ইসলামকে প্রধান করে বৃহস্পতিবারের ওই ঘটনা তদন্তে কমিটি করা হয়। বুট চাপা দিয়ে নির্যাতনের ঘটনাটি এর আগে মতিঝিল বিভাগের উপকমিশনার তদন্ত করেন। তাঁর প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ডিএমপি কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম গতকাল বলেন, আসলে কী ঘটেছিল, তা কমিটি খতিয়ে দেখবে। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওই ঘটনার সময় সেখানে ট্রাফিক পরিদর্শক (টিআই) হাজ্জাজের নেতৃত্বে একদল পুলিশ দায়িত্ব পালন করছিল। ওই ব্যক্তির বুকে একজনই লাথি মারেন। হাজ্জাজ পুলিশ কর্মকর্তাদের জানান, ওই পিকেটার পালানোর চেষ্টা করলে তিনি গায়ে হাত তোলেন। তবে পুলিশের সংগ্রহ করা ভিডিওচিত্রে দেখা গেছে, ওই ব্যক্তিকে (ইউসুফ আলী) ধরে মারধর করা হয়। একপর্যায়ে তিনি পড়ে গেলে হাজ্জাজ তাঁর বুকে কয়েকটি লাথি মারেন। পরে তাঁকে মারতে মারতে পুলিশের গাড়িতে তোলেন।মতিঝিল থানায় নেওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ কামাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত ইউসুফকে দণ্ডবিধির ৩৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।সংসদীয় কমিটির সভা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সদস্য মুজিবুল হক বলেন, গত হরতালের সময় একজন পিকেটারের বুকে পুলিশের লাথি মারার ঘটনাটি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশের আইজির (মহাপরিদর্শক) কাছে এ আচরণ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।সভা সূত্র জানায়, সভায় কমিটির একাধিক সদস্য বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। এ কারণে বিষয়টির অবশ্যই তদন্ত প্রয়োজন।কমিটির সভাপতি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর অতি উৎসাহী আচরণ নিয়ে কমিটি আগে থেকেই সজাগ। কমিটির আগের বৈঠকগুলোতেও এ বিষয়ে আলোচনা হয়েছে। গত হরতালের বিষয়টিও তাই মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে।আবদুস সালামের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মুজিবুল হক, হাবিবর রহমান, নুরুল ইসলাম, সানজিদা খানম ও সফিকুল ইসলাম অংশ নেন। সভায় স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।