তদন্ত কমিটি চূড়ান্ত কাজ শেষ করবে দুই মাসের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের সাম্প্রতিক অস্বাভাবিক উত্থান-পতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সরকারের নির্দেশে এই কমিটি গঠন করেছে। দুই মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে।গতকাল বুধবার সন্ধ্যায় এসইসি তিন সদস্যের তদন্ত কমিটি গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ২১-এর ক্ষমতাবলে এই কমিটি গঠন করা হয়। তিন সদস্যের এই কমিটির চেয়ারম্যান কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। অপর দুই সদস্য হলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল বারী, এফসিএ। মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিন সদস্যের কমিটি গঠনের কথা জানান। ওই দিনই তিনি কমিটির প্রধানের নামও সাংবাদিকদের জানিয়েছেন। গতকাল আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির জন্য ১১টি কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে কমিটি চাইলে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির (সুশীল সমাজের সদস্যসহ) মতামত বা সাক্ষ্য নিতে পারবে। গঠিত এই কমিটিকে সাচিবিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে এসইসি। এ ছাড়া সরকার চাইলে কমিটিতে অন্য যেকোনো সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।কার্যপরিধিতে যা আছে: ১. পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস এবং তালিকাভুক্ত কোম্পানি পুঁজিবাজারের স্বাভাবিক কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটিয়ে বাজারকে অস্থিতিশীল করার কাজে লিপ্ত ছিল কি না। ২. ২০১০ সালের শুরুতে ব্যাংক ও সঞ্চয়ের বিভিন্ন উপকরণে বিনিয়োগ থেকে লব্ধ আয়ের তুলনায় পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি আয়ের তুলনা। ৩. পুঁজিবাজারের অব্যাহত উর্বর গতির প্রকৃতি পর্যালোচনা, পুঁজিবাজারের টেকসই অবস্থার ধারণা এবং অতিমূল্যায়নের প্রকৃতি নির্ণয়। ৪. পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর পরিবর্তে স্বল্পমেয়াদি ক্রেতা-বিক্রেতার অনুপ্রবেশ এবং তাদের লেনদেনের ধরন। এ ধরনের ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের লেনদেনকৃত অর্থের পরিমাণ এবং বাজারকে প্রভাবিত করার প্রক্রিয়া সম্পর্কে ধারণা ও এদের চিহ্নিত করা। ৫. পুঁজিবাজার নিয়ন্ত্রণের প্রচলিত আইন, বিধিবিধান যথাযথ ছিল কি না এবং এসইসির গৃহীত পদক্ষেপগুলো যথাযথ ছিল কি না, তা নিরূপণ করা। ৬. অতিমূল্যায়িত বাজারের সুযোগ নিয়ে সরাসরি তালিকাভুক্তি, বুক বিল্ডিং এবং ফিক্সড প্রাইসের মাধ্যমে অতিমূল্যায়িত শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) এনে অস্বাভাবিক পরিমাণে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি নিরূপণ। এ প্রক্রিয়ায় ইস্যু ম্যানেজার, নিয়ন্ত্রণকারী সংস্থা, অডিট ফার্ম ও অ্যাসেট ভ্যালুয়ার কোম্পানির ভূমিকা। ৭. গণপ্রস্তাবে ইস্যুয়ার কোম্পানির শেয়ার ক্রয় করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পর্যালোচনা। ৮. দ্রুত দরপতনের প্রাক্কালে সামগ্রিকভাবে বাজারের তারল্য পর্যালোচনা। ৯. পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি পর্যাপ্ত ছিল কি না, তা পর্যালোচনা। ১০. ডিএসই ও সিএসইর অবকাঠামো ও সুশাসন যথাযথ ছিল কি না। ১১. অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যথা—শেয়ারবাজার থেকে সাম্প্রতিককালে অর্থ বাইরে চলে গেছে কি না এবং গেলে কী পরিমাণ অর্থ এবং কীভাবে গেল ইত্যাদি ও অন্যান্য বিষয়, যা কমিটি যথাযথ মনে করলে তা বিবেচনা করবে।বাজার-পরিস্থিতি: টানা দরপতনের সময় যাঁরা যেকোনো দামেই শেয়ার বিক্রি করতে প্রস্তুত ছিলেন, তাঁরাই এখন তা হাতছাড়া করতে রাজি নন। তাই বাজারে পর্যাপ্ত ক্রেতা থাকলেও বিক্রেতার অভাবে লেনদেনও খুব বেশি সংঘটিত হচ্ছে না। আবার কয়েকটি কোম্পানির ক্ষেত্রে ক্রেতার অভাবে লেনদেন না হওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ২৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০টিই ছিল বিক্রেতাশূন্য। আর ক্রেতাশূন্য ছিল সাতটির মতো কোম্পানি।আগের দিনের মতো গতকালও দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বেড়েছে। অবশ্য সূচক বাড়ার হার কিছুটা কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে বেশ খানিকটা।ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক ৪৫৮ পয়েন্ট বা ৬ দশমিক ৭২ শতাংশ বেড়ে সাত হাজার ২৮০ পয়েন্ট ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এক হাজার ২০০ পয়েন্ট বেড়ে হয়েছে ২০ হাজার ৮৭৫ পয়েন্ট।যোগাযোগ করা হলে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আরিফ খান প্রথম আলোকে বলেন, বাজারের সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। তাঁরা হয়তো ভাবছেন, এতে বাজারের স্থিতিশীলতা ফিরে আসবে। এ কারণে গত কয়েক দিনের দরপতনের ক্ষতি পুষিয়ে নিতে বিনিয়োগকারীরা শেয়ার হাতছাড়া করছেন না। একটা অস্বাভাবিক পরিস্থিতিতে এ দুই দিনের ঘটনা স্বাভাবিক। তবে এ প্রবণতা ধারাবাহিকভাবে চলাটা সঠিক হবে না।ডিএসই: আগের দিনের মতো গতকালও ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটেই মূল্যসূচক ৪০০ পয়েন্টের বেশি বাড়ে। এর পর মাত্র ৫৮ পয়েন্ট বাড়লেও লেনদেনের পুরো সময়টায় ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম মূল্যসূচক ওঠানামার সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার স্পর্শ করে। ওই পর্যায়েই কোনো কোনো কোম্পানির শেয়ার থেমে থেমে লেনদেন হয়েছে। ফলে ডিএসইতে লেনদেনের গতি ছিল খুবই ধীর। এ কারণে অনেক বিনিয়োগকারীই ধৈর্য হারিয়ে লেনদেনের মাঝপথেই ব্রোকারেজ হাউস ত্যাগ করেন। ডিএসইতে গতকাল লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২২৮টির দাম বেড়েছে, কমেছে ২৫টির ও অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৫৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।সিএসই: গতকাল লেনদেন শুরুর পাঁচ মিনিটের মাথায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম সার্কিট ব্রেকার স্পর্শ করে। এ ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার ছিল এগিয়ে। গতকাল সিএসইতে ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৪টির এবং কমেছে ১৩টির। অপরিবর্তিত রয়েছে ১০টির। লেনদেন হয়েছে ১০৯ কোটি টাকার।আরও ৬ তদন্ত কমিটি: ২০ জানুয়ারি আগ্রাসীভাবে শেয়ার বিক্রির দায়ে অভিযুক্ত ছয়টি ব্রোকারেজ হাউসের কার্যক্রম খতিয়ে দেখতে আলাদা ছয়টি তদন্ত কমিটি গঠন করেছে এসইসি। কমিটিগুলোকে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে কমিশনের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখতে তদন্ত দল গঠন করা হয় সেগুলো হলো: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট, এনসিসি ব্যাংক এবং আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড। এসইসির উপপরিচালক আবুল হাসান, জাহাঙ্গীর আলম, আবু রায়হান মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, মনসুর রহমান, আবুল কালাম, শেখ মাহবুবুর রহমান কমিটিগুলোর নেতৃত্ব দেবেন।এদিকে অভিযুক্ত ছয় প্রতিষ্ঠানের মধ্যে গতকাল এনসিসি ব্যাংক লিমিটেডের ওপর থেকে লেনদেনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর নিষেধাজ্ঞা তুলে নেয় এসইসি। তবে বাকি প্রতিষ্ঠানগুলোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।