তদন্ত কমিটি থেকে ইউএনওকে বাদ দিতে হবে: মন্নুজান
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, সাভারে রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদারের নাম বাদ দিতে হবে। তিনি দুর্ঘটনার আগের দিন (মঙ্গলবার) রানা প্লাজা পরিদর্শন করে বলেছিলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ নয়। আজ বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘জানতে পেরেছি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদার দুর্ঘটনার আগের দিন গত মঙ্গলবার রানা প্লাজা পরিদর্শন করেছিলেন। ইউএনও সেখানে গিয়ে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ নয়।’ এ জন্য ইউএনওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। প্রতিমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘উনি (ইউএনও) কীভাবে বললেন যে ভবনটি ঝুঁকিপূর্ণ নয়? উনি কি ভবনের বিশেষজ্ঞ?’ পাঁচ মামলা ও তদন্ত কমিটি প্রতিমন্ত্রী আরও জানান, সাভারের ভবনধসের ঘটনায় পোশাক কারখানার মালিক ও ভবনের মালিকের নামে মোট পাঁচটি মামলা করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার করা হবে। শ্রম আদালতে এসব মামলা করা হয়েছে। নয়তলা ভবন ধসে পড়ার ঘটনায় শ্রম মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম বলেন, ‘আমাদের দাবি থাকবে, আসামিদের যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হয়।’ রানা প্লাজা ধসে পড়ার আগের দিন গত মঙ্গলবার সকাল ১০টার দিকে তৃতীয় তলায় ফাটল দেখে বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা আতঙ্কে বেরিয়ে যান। একপর্যায়ে সব কটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। দ্বিতীয় তলায় অবস্থিত ব্র্যাক ব্যাংকও অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। তবে প্রথম ও দ্বিতীয় তলার সব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। খবর পেয়ে গত মঙ্গলবার বিকেলে সাভারের ইউএনও কবীর হোসেন সরদার ভবনটি পরিদর্শন করেন। সাংবাদিকদের ইউএনও বলেন, ‘ভবনটি ধসে পড়ার মতো কোনো কারণ এ মুহূর্তে দেখা যাচ্ছে না।’ ভবন ধসে পড়ার পর গতকাল বুধবার এ ব্যাপারে জানতে চাইলে কবীর হোসেন বলেন, তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী ‘প্রথম আলো’কে বলেন, ‘মঙ্গলবার সকালে একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফোন করে ওই ভবনে ফাটলের বিষয়টি জানানো হয়। তখন সাভারের ইউএনওকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়। ইউএনও ঘুরে আসার পর তাঁর ভবনটি একেবারেই বন্ধ করে দেওয়া উচিত ছিল।’ এখন কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এই প্রশ্নের কী উত্তর দেব বলেন!’