তদন্ত কমিটি থেকে এসি রাজিব বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিম্ন আদালতের পাশে পুলিশ ক্লাবে বিচারপ্রার্থী এক নারীর শ্লীলতাহানি ও সাংবাদিক-আইনজীবীদের নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি থেকে কোতোয়ালি বিভাগের সহকারী কমিশনার (এসি) রাজিব আল মাসুদকে বাদ দেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণের ওই ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার রাতে লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মারুফ হোসেন ও কোতোয়ালি বিভাগের এসি রাজিব আল মাসুদকে সদস্য করে তদন্ত কমিটি হয়। তবে মাসুদের বিরুদ্ধে সাংবাদিক ও আইনজীবীদের ওপর হামলা এবং থানায় নিয়ে আইনজীবীকে জেএমবি বলে নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতিত ব্যক্তিরা অভিযোগ করেন, মাসুদ তদন্ত কমিটিতে থাকলে কখনোই সত্য প্রকাশিত হবে না। আজ বুধবার এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। অন্যদিকে আদালতও ঘটনার সঙ্গে জড়িত আট কর্মকর্তাকে ৬ জুন আদালতে হাজির হতে বলেছেন। এরপরই তদন্ত কমিটি থেকে রাজিব আল মাসুদকে বাদ দেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে লালবাগ বিভাগের এডিসি মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এসি রাজিবকে তদন্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তিনিই ঘটনার তদন্ত করছেন।’ তদন্তে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আমার কাজ করছি। আমার বিচার-বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে আমি তদন্ত কাজ করব। এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়’। এদিকে আদালত প্রাঙ্গণের ওই ঘটনায় হামলার শিকার সাংবাদিকেরা অভিযোগ করেছেন, জিজ্ঞাসাবাদের নামে তাঁদের এখন হয়রানি করা হচ্ছে। ফলে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কালের কণ্ঠের আদালত প্রতিবেদক এম এ জলিল প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল থেকে নানা সংস্থার লোকজন এসে আমাদের জিজ্ঞাসাবাদ করছে। আমি অনেকের কাছে জানতে চেয়েছি আপনাদের জিজ্ঞাসাবাদের কোনো অনুমতি আছে কি না। তাঁরা কোনো অনুমতি দেখাতে না পেরে চলে যান। পরে আমরা বলেছি কোনো সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করতে হলে আদালত প্রতিবেদকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এসে জিজ্ঞাসাবাদ করতে বলেছি। আর সার্বিক ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’