খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ এপ্রিলের অপ্রীতিকর ঘটনায় ইংরেজি বিভাগের ছাত্র আতিকুর রহমানকে দুই বছরের জন্য বহিষ্কার এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, আতিকুর রহমান কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছিলেন, তা সন্তোষজনক না হওয়ায় এই শাস্তি দেওয়া হলো। অথচ আতিকুর রহমান কারণ দর্শানোর নোটিশের কোনো জবাবই দেননি।আতিকুর প্রথম আলোকে বলেন, ‘ভাঙচুরের ঘটনার পর গঠিত তদন্ত কমিটি ২২ মে আমাকে কারণ দর্শানোর জন্য চিঠি দেয়। আমি তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়ে বলি, আমার বিরুদ্ধে কী অভিযোগ তা আমি সুস্পষ্ট ভাষায় জানতে চাই। নইলে আমি জবাব দেব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সেটি জানায়নি। আমি তাই নোটিশের জবাব দিইনি। অথচ আমাকে শাস্তির যে চিঠি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বহিষ্কার করা হলো। এই গলদের মাধ্যমেই পরিষ্কার হয়ে ওঠে, তদন্ত কমিটি আসলে আগে থেকে তালিকা করে সেই অনুযায়ী শাস্তি দিয়েছে।’খুলনা বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির কার্যক্রম এবং শাস্তি দেওয়ার ঘটনা নিয়ে এখন ক্যাম্পাসে নানা প্রশ্ন উঠেছে। ওই ঘটনায় একই অভিযোগ থাকলেও ছাত্রদের শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন রকম। জ্যেষ্ঠ কয়েকজন শিক্ষক বলেছেন, শিক্ষক-রাজনীতির বিভক্তি এবং প্রশাসনিক পদগুলো নিয়ে দ্বন্দ্বের শিকার হয়েছে ছাত্ররা।উপাচার্য সাইফুদ্দিন শাহ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, তিনিও নানা মাধ্যমে ছাত্রদের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ পেয়েছেন তদন্ত কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে। প্রয়োজনে তিনি বিষয়টি নিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলে সত্য ঘটনা জানার চেষ্টা করবেন। আর শাস্তির বিষয়ে ছাত্ররা আপিল করতে পারবেন। তাঁদের আপিল সর্বোচ্চ সতর্কতা এবং নিরপেক্ষভাবে বিবেচনা করা হবে।সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ফরেস্ট্রি বিভাগের দুই ছাত্র বলেন, ৫ এপ্রিল বিক্ষোভের সময় ছাত্ররা স্লোগান দিয়ে বলেছিল, এই ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নেই। শিক্ষক সমিতিও থাকতে পারবে না। শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক খুলনায় না থাকলেও তাঁকেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।ফজলুল হক বলেন, ‘ঘটনার দিন আমি সিলেটে ছিলাম। ফলে আমার পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে সুবিধা হয়েছে।’ একই অভিযোগ, ভিন্ন শাস্তি: ৫ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষীদের শনাক্তকরণের জন্য পরদিন সিন্ডিকেটের ১৪২তম জরুরি সভায় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ৪২ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে প্রথম নয়জনের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর ও শিক্ষকদের গালিগালাজের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়। কিন্তু একই রকম অভিযোগ থাকার পরও নয়জনের মধ্যে চারজনকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও অন্য পাঁচজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।স্থায়ীভাবে বহিষ্কৃত ব্যক্তিদের একজন সাইফুল ইসলাম বলেন, নয়জনের বিরুদ্ধে একই অভিযোগ এনে ভিন্ন শাস্তি দেওয়াটা প্রমাণ করে, তদন্ত কমিটি উদ্দেশ্যমূলকভাবে কাজ করেছে। তারা তালিকা ধরে শাস্তি দিয়েছে।নানা অসংগতি: বহিষ্কৃত ছাত্ররা বলছেন, তদন্ত কমিটি তাদের যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তার সঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মিল নেই। ৫ এপ্রিলের ঘটনা অনুসন্ধানে কমিটি হলেও সাজাপ্রাপ্ত আটজন ছাত্রের বিরুদ্ধে অতীতের কিছু অভিযোগও আনা হয়েছে। অথচ সেগুলো কোনো ঘটনা, তার উল্লেখ নেই।আবির আহমেদ তালকুদার, প্রীতম কুমার সাহা ও জাকারিয়া জাবের বলেন, তাঁদের বিরুদ্ধে অতীতে ক্যাম্পাসে অনেক ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অথচ অতীতে তাঁরা ক্যাম্পাসে যুদ্ধাপরাধীদের বিচার, টিএসসি, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও মুক্তমঞ্চ নির্মাণ—এসব দাবিতে অন্দোলন করেছেন। কিন্তু এসব অভিযোগে কারও শাস্তি হওয়ার কথা নয়।প্রীতম সাহা ও আতিকুর জানান, তাঁরা সেদিন ক্যাম্পাসেই যাননি। অথচ তাঁদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। সমাজবিজ্ঞানের ছাত্রী উম্মে উমামার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও হলে ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। অথচ রাত সাড়ে নয়টায় উমামা হলে প্রবেশ করেন। ভাঙচুর শুরু হয় রাত ১২টার পর। উমামা বলেন, ‘রাত ১২টায় ছাত্রদের খানজাহান আলী হলে গিয়ে কীভাবে ভাঙচুর করলাম, তার জবাব কেউ আমাকে দিতে পারছেন না।’ ঘটনার রাতে খান বাহাদুর আহসানউল্লাহ হলে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। অথচ আটজনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অভিযোগ, সেদিন ভাঙচুরের সময় কৃষি প্রযুক্তি ও ফরেস্ট্রি বিভাগের অনেক ছাত্র ছিল। কিন্তু ওই দুটি বিভাগের কোনো ছাত্রের শাস্তি হয়নি। কারণ, ওই বিভাগের দুজন প্রভাবশালী শিক্ষক তদন্ত কমিটিতে ছিলেন।দুর্ব্যবহারের অভিযোগ: তদন্ত কমিটিতে সাক্ষ্য দিতে যাওয়া ছাত্ররা জানান, তাঁদের প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। মানসিকভাবে তাঁদের নির্যাতন করা হয়েছে। তদন্ত কমিটি তাঁদের কোনো কথাই শোনেনি। ইব্রাহিম খলিল বলেন, ‘তদন্ত কমিটিকে বলেছিলাম ঘটনার সময় আমার ভূমিকা কী ছিল, তা সাক্ষী এনে খুঁজে দেখুন। কিন্তু তাঁরা কোনো কথাই শোনেননি।’ছাত্রদের অভিযোগ, তদন্ত কমিটির প্রধান গোলাম মর্তুজা, সদস্য সরদার শফিকুল ইসলামসহ কয়েকজন শিক্ষক অশোভন আচরণ করেন, নানাভাবে হুমকি দেন। তবে দুই শিক্ষক এসব অভিযোগ ভিত্তিহীন বলেছেন। তদন্ত কমিটির প্রধান গোলাম মর্তুজা এখন ঢাকায়। তাঁর মুঠোফোন বন্ধ। কমিটির সদস্য সরদার শফিকুল ইসলাম বলেন, তদন্তের স্বার্থে ছাত্রদের সঙ্গে যে ব্যবহার করা দরকার, সেই ব্যবহারই করা হয়েছে।