মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তপনকুমার রায়ের বিরুদ্ধে পৌরসভায় সাম্প্রতিক সময়ে কর্মচারী নিয়োগ ও কেন্দ্রীয় বাস টার্মিনালের উন্নয়নকাজের ঠিকাদার নিয়োগে অনিয়ম-দুর্নীতি এবং পৌরকর বৃদ্ধির অভিযোগ উঠেছে। ওই সব অভিযোগ তদন্ত করতে ২৫ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মাগুরায় আসেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাগুরা পৌর নাগরিক কমিটির পক্ষে সম্প্রতি ভারপ্রাপ্ত মেয়র তপনকুমার রায়ের বিরুদ্ধে স্থানীয় সরকারমন্ত্রীর কাছে সাম্প্রতিক সময়ে পৌরসভায় কর্মচারী ও কেন্দ্রীয় বাস টার্মিনালের উন্নয়নকাজের ঠিকাদার নিয়োগে অনিয়ম-দুর্নীতি এবং পৌরকর বৃদ্ধির অভিযোগ আনা হয়। ওই অভিযোগ তদন্তে ১৯ আগস্ট মন্ত্রণালয় উপসচিব (প্রশাসন) মো. আকতার হোসেনকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। গত ২৫ আগস্ট তদন্ত কর্মকর্তা মো. আকতার হোসেন ওই সব অভিযোগ তদন্ত করতে মাগুরায় আসেন। বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি তদন্ত করেন। এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার নাগরিকেরা উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পৌর নাগরিকদের ওই তিনটি অভিযোগের ব্যাপারে তদন্ত করেছি। তদন্তকালে কর্মচারী নিয়োগের কাগজপত্র পর্যালোচনা এবং বাস টার্মিনালের দরপত্র প্রক্রিয়ায় কোনো অনিয়ম-দুর্নীতির দালিলিক প্রমাণ পাইনি। তবে পৌরকর বৃদ্ধির ব্যাপারে নাগরিকদের সঙ্গে পুনরালোচনা করা হয়নি। ভবিষ্যতে যাতে ওই ব্যাপারে কোনো অভিযোগ না ওঠে সেজন্য পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।’ পৌর নাগরিক কমিটির সদস্য আবদুুল লতিফ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মেয়রের নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়ার দুর্নীতি সম্পর্কে আমি কিছুই জানি না। বিষয়টি জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক সুজা জানেন।’পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তপনকুমার রায় বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক এবং সামাজিক প্রভাবে আমাকে নানাভাবে হয়রানি করছে। মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ দায়ের তার-ই একটি অংশ। মহলটি পৌরসভার উন্নয়নকাজ নানাভাবে ব্যাহত করছে। তারা এরই মধ্যে পৌর বাস টার্মিনালের উন্নয়নকাজ সন্ত্রাসী কায়দায় বন্ধ করে দিয়েছে। স্থানীয় সাংসদ মোহাম্মদ সিরাজুল আকবর দলীয় ওই সব সন্ত্রাসীদের মদদ দিচ্ছেন। মন্ত্রণালয়ের উপসচিব তদন্ত করে আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাননি।’