রাজধানীতে পুলিশের হেফাজতে তিন ব্যক্তির মৃত্যুর ঘটনায় সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে কমিটিতে পুলিশের কোনো সদস্য না রাখার কথা বলেছেন আদালত। এ ছাড়া এসব ঘটনায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ঢাকার পুলিশ কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। নিরাপত্তা হেফাজতে মৃত্যু রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও আদালতকে জানাতে হবে।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে রুল জারিসহ এসব নির্দেশনা দেন।আদালত ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে নিহত ব্যক্তিদের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের প্রতিবেদন সর্বাগ্রে আদালতে দাখিল করতে বলা হয়।তিন ব্যক্তির মৃত্যুর ঘটনায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপপরিদর্শক আনিসুর রহমান, দারুস সালাম থানার ওসি, উপপরিদর্শক মাসুদুর রহমান, সহকারী উপপরিদর্শক সাঈদ, হেকমত উল্লাহ ও মশিউরকে ১৯ জুলাই হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুর ঘটনার বর্ণনা ও প্রেক্ষাপট হলফনামা আকারে তাঁদের দাখিল করতে নির্দেশ দেন আদালত। পুলিশের হেফাজতে মৃত্যু বন্ধের বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আদালত ১১ আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ দিয়েছেন।জানা যায়, গত ২৮ জুন বাবুল গাজী, ৩০ জুন মিজানুর রহমান ও ১ জুলাই মজিবুর রহমান পুলিশের হেফাজতে মারা যান। এসব ঘটনার তদন্ত ও সার্বিক বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী এলিনা খান এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান হাইকোর্টে রিটটি করেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও এলিনা খান শুনানিতে অংশ নেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।দুই পক্ষের বক্তব্য: নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, তিন ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের সদস্য ছাড়া এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। চার দফা নির্দেশনাও দিয়েছেন আদালত। পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনা বন্ধে দিকনির্দেশনা তৈরির জন্য বক্তব্য শুনতে ১১ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে।রিট আবেদনকারী এলিনা খান প্রথম আলোকে বলেন, এর আগেও ইয়াসমিন, সীমাসহ অনেকেই পুলিশের নির্যাতনে মারা যান। অনেক ক্ষেত্রে ঘটনা ভিন্ন খাতে নেওয়া হয়। কিন্তু এ ধরনের মৃত্যু বন্ধ হয়নি। সর্বশেষ তিনজন মারা গেছেন। জনগণের প্রতি পুলিশের দায়িত্ব রয়েছে। কিন্তু এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ জন্য আদালতের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।তিন ব্যক্তির মৃত্যু নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে মন্তব্য করায় গতকাল আদালত ঢাকার মহানগর পুলিশ কমিশনারকে সতর্ক করে দিয়েছেন। তদন্ত প্রভাবিত হতে পারে এমন কোনো মন্তব্য করা থেকে তাঁকে বিরত থাকতে বলেন আদালত। আদালত বলেন, হত্যা মামলার আসামিকেও মেরে ফেলার অধিকার পুলিশের নেই। আইনের শাসন প্রতিষ্ঠায় সংবাদপত্র সহায়ক ভূমিকা পালন করছে। তিন ব্যক্তি মারা গেছেন, এটা বাস্তব। সংবাদপত্রের বড় দায়িত্ব হলো কোনো অন্যায়-অনাচার হলে তা সমাজের সামনে তুলে ধরা।তিন মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আদালতে দাখিল করতে সব পক্ষকে বলা হয়। এ ঘটনায় ৪ জুলাই ডেইলি স্টার-এর সম্পাদকীয়, গতকাল প্রথম আলোতে প্রকাশিত শাহ্দীন মালিকের নিবন্ধ ও যুগান্তর পত্রিকায় প্রকাশিত আবদুল গাফ্ফার চৌধুরীর নিবন্ধ উপস্থাপন করতে বলা হয়।এ ছাড়া আদালত তদন্ত কমিটিকে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিতে বলেছেন। রুলে আদালত পুলিশের হেফাজতে তিন মৃত্যুর ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। কেন তাঁদের আইনের আওতায় আনা হবে না, তা জানাতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়। এ ছাড়া পুলিশের হেফাজতে মৃত্যু রোধে পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক (সদর দপ্তর), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গুলশান ও দারুস সালাম থানার ওসিসহ ১১ জনকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।১১ অ্যামিকাস কিউরি: এ মামলায় আদালতের আইনি সহায়তার জন্য ১১ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এম জহির, আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, মওদুদ আহমদ, আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু, ফিদা এম কামাল, আনিসুল হক ও ইউসুফ হোসেন হুমায়ুন।