তদন্ত কমিটির বক্তব্যে স্বাক্ষর করেননি লিমনের মা
র্যাবের গুলিতে কলেজছাত্র লিমন হোসেনের পা হারানোর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আজ সোমবার ঝালকাঠির সার্কিট হাউসে তার মায়ের বক্তব্য নেন। তবে লিমনের মা হেনোয়ারা বেগম তদন্ত কমিটির লেখা বক্তব্য-সংবলিত কাগজে স্বাক্ষর করেননি।তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শওকত আকবর বিকেল পাঁচটার দিকে ঝালকাঠির সার্কিট হাউসে এসে তৃতীয় দফায় তদন্তকাজ শুরু করেন। তিনি প্রায় এক ঘণ্টা লিমনের মায়ের বক্তব্য শুনে লিপিবদ্ধ করেন।লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, ‘তদন্ত কর্মকর্তা আমার কথা শোনার জন্য ঝালকাঠি সার্কিট হাউসে আসতে বলেন। আমি যে র্যাবের ছয়জন সদস্যের নামে মামলা করছি, হেই মামলার তদন্ত কর্মকর্তা (রাজাপুর থানার উপপরিদর্শক) হালিম স্যারে আমারে এ খবর দেন। খবর পাইয়ে আমি বিকেল পাঁচটায় ঝালকাঠি সার্কিট হাউসে আসি। তদন্ত দল আমার কাছ থেকে ২৩ মার্চে র্যাবের গুলির ঘটনা শোনে। তারা কাগজে আমার বক্তব্য ল্যাখছেন, তয় আমি কাগজে স্বাক্ষর করি নাই।’লিমনের বড় ভাই হেমায়েত হোসেন সুমন বলেন, ‘আমার মায়ের বক্তব্য শুনে তদন্ত দল সাতটি সাদা কাগজের মধ্যে ছয়টি কাগজে তা লেখেন। একটি কাগজের ওপরে মাত্র দুই-তিন লাইন লিখে নিচে স্বাক্ষর করতে বলা হলে মা তাতে স্বাক্ষর করেননি।’স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শওকত আকবর বলেন, গত ২০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। ২৯ এপ্রিল থেকে তদন্তকাজ শুরু হয়েছে। ৮ মে ঘটনাস্থল রাজাপুরের সাতুরিয়া গ্রামে গিয়ে তদন্ত কমিটি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছে। দ্বিতীয় দফায় ১২ মে রাজাপুরের ডাকবাংলোয় লিমনের প্রতিবেশীদের লিখিত বক্তব্য লিপিবদ্ধ করা হয়। তদন্তের কাজ শেষ পর্যায়ে। অল্প কয়েক দিনের মধ্যেই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।প্রসঙ্গত, গত ২৩ মার্চ র্যাবের নিষ্ঠুরতার শিকার হয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কলেজছাত্র লিমন হোসেন পা হারান।