তদন্ত কমিটির সময় বেড়েছে, ২৪ এপ্রিল অবরোধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভূমি বিরোধকে কেন্দ্র করে আদিবাসী-বাঙালি সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটির কাজের সময়সীমা বাড়ানো হয়েছে। রামগড় ও মানিকছড়িতে আজ বুধবারও ১৪৪ ধারা বহাল আছে। এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ এপ্রিল খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে।খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিসুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ১৭ এপ্রিল রাতে গঠিত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কিন্তু এত অল্প সময়ে বিষয়টির তদন্ত সম্ভব নয় বলে কমিটির কাজের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে।খাগড়াছড়ির এএসপি (সার্কেল) মাহফুজুর রহমান জানান, রামগড় ও মানিকছড়িতে ১৪৪ ধারা বহাল আছে। এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার নেতা আবদুল মজিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার প্রতিবাদে তাঁরা ২৪ এপ্রিল খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে। প্রসঙ্গত, গত রোববার ভূমি বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ির রামগড় উপজেলায় আদিবাসী-বাঙালি সংঘর্ষের ঘটনায় তিনজন বাঙালি নিহত এবং অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ৫০টি বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় ।