পিলখানার দরবার হল থেকে মুছে গেছে গুলির চিহ্ন। ভয়াবহ সেই হামলার কোনো চিহ্নও সেখানে নেই। কিন্তু স্বজনহারাদের মনের ক্ষত এখনো শুকায়নি। চার বছর আগের (২০০৯) ঠিক এই দিনে (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) বিডিআরের বিদ্রোহী জওয়ানেরা নারকীয় তাণ্ডব চালান পিলখানায়। তাঁদের হাতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।চার বছর পেরিয়ে গেলেও এই বিদ্রোহের বিষয়ে নানা প্রশ্নের জবাব এখনো মেলেনি। বিদ্রোহের কারণ সম্পর্কে জওয়ানদের নানা ক্ষোভের কথা বলা হলেও নৃশংস হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো অস্পষ্ট।বিডিআর বিদ্রোহের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ও সেনাবাহিনীর পক্ষ থেকে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছিল। এ দুটি কমিটি বিদ্রোহের ঘটনার তদন্ত ও ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটতে পারে, সে ব্যাপারে আরও উচ্চতর তদন্তের জন্যে কমিটি গঠনসহ বেশ কিছু সুপারিশ করেছিল। কিন্তু দুই কমিটির অনেক সুপারিশই বাস্তবায়িত হয়নি।জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, এসব দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, স্বাভাবিকভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগবে। তবে ইতিমধ্যে বাহিনীর ভেতরে অনেক পরিবর্তন এসেছে।বিজিবির কর্মকর্তারা বলছেন, দুটি কমিটির সুপারিশের পর বিডিআরের নাম ও বাহিনীর জন্য নতুন একটি আইন হয়েছে। অভিযুক্ত সদস্যদের বাহিনীর নিজস্ব আইনে বিচার হয়েছে; এখন ফৌজদারি আইনে বিচারও শেষের দিকে। অবশ্য দুই কমিটির প্রতিবেদনে বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার সেনা আইনে করার সুপারিশ করা হলেও উচ্চ আদালতের মতামতের পর প্রচলিত আইনে এর বিচার শুরু হয়। নিহত সেনা কর্মকর্তাদের পরিবার আর্থিক সুবিধাও পেয়েছে। আরও অনেক সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে।তবে কর্মকর্তারা স্বীকার করেছেন, বিদ্রোহের সঙ্গে জড়িত বিডিআর সদস্যরা কে কী ধরনের অপরাধ করেছেন বা তাঁদের চারিত্রিক, মানসিক ও পারিবারিক পরিচিতি কী রকম—তা নিয়ে একটি ‘তথ্যব্যাংক’ করার সুপারিশ করেছিল বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত সেনাতদন্ত আদালত। এতে বলা হয়েছিল, অন্যান্য বাহিনীতে ভবিষ্যতে এ ধরনের বিদ্রোহ হলে তা প্রতিরোধে এ তথ্যব্যাংক আগাম প্রস্তুতি হিসেবে সহায়ক ভূমিকা রাখবে। সব বাহিনী তাদের নিয়োগ ও প্রশিক্ষণ কৌশল নির্ধারণের ক্ষেত্রে তথ্যব্যাংকে ‘কেস স্টাডি’ হিসেবে ব্যবহার করতে পারবে। খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর পেরিয়ে গেলেও এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।তবে বিজিবির মহাপরিচালক প্রথম আলোকে বলেন, ‘যাঁরা সাজা পেয়েছেন, তাঁদের ব্যাপারে তথ্য আমরা থানা পর্যায়ে পাঠিয়েছি। কেউ জেল থেকে বের হলে সে তথ্য আমরা সংশ্লিষ্টদের জানিয়ে দিচ্ছি। যাতে করে সংশ্লিষ্ট সংস্থাগুলো তাঁদের ওপর নজরদারি করতে পারে।’আনিস-উজ-জামান কমিটির সুপারিশ: বিডিআর বিদ্রোহের ঘটনায় সাবেক সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। ২০০৯ সালের ৩ মার্চ থেকে এ কমিটি কাজ শুরু করে। চার দফা সময় বাড়ানোর পর ওই বছরের ২১ মে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে জমা দেয়। কমিটি স্বল্প ও দীর্ঘমেয়াদি ২৩ দফা সুপারিশ করেছিল। স্বল্পমেয়াদি সুপারিশের মধ্যে রয়েছে সেনা আইনে দ্রুত বিচার করা, বিডিআরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা, নিহত ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসন করা, অশনাক্ত মৃতদেহ শনাক্ত করা, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা, হতাহত সামরিক ও বেসামরিক লোকদের ক্ষতিপূরণ দেওয়া।দীর্ঘমেয়াদি সুপারিশের মধ্যে ছিল: এ ধরনের জাতীয় সংকট মোকাবিলার জন্য সর্বোচ্চ পর্যায়ে একটি ‘জাতীয় সংকট মোকাবিলা কমিটি’ গঠন করা। এ ছাড়া বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্র যথাসময়ে উদ্ঘাটনে ব্যর্থতা এবং বিদ্রোহ দমনে সময়োপযোগী সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। জানা গেছে, এ ধরনের ঘটনা মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি কমিটি হলেও বিদ্রোহের আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতার ব্যাপারে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একইভাবে তিন বাহিনীর সমন্বয়ে একটি দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী গঠনের কাজও এগোয়নি বলে জানা গেছে। সেনা-তদন্ত আদালত: বিডিআর বিদ্রোহের পরে ওই ঘটনা তদন্তে সেনাবাহিনীর পক্ষ থেকে তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে একটি তদন্ত আদালত গঠন করেছিল সেনাবাহিনী। ২০০৯ সালের ১১ মে এ আদালত তাদের প্রতিবেদন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের কাছে হস্তান্তর করে। ওই আদালতের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছিল।আদালতের সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো, সব বাহিনীতে বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড করে আইন তৈরি করা। এর মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর (বর্তমান বিজিবি) জন্য নতুন একটি আইন হয়েছে। সেই আইনে বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে।সেনা আদালত বিদ্রোহের ব্যাপারে আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাগুলোকে আধুনিক, যুগোপযোগী ও সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান এবং পুনর্গঠনের সুপারিশ করেছিল। জানা গেছে, ওই ঘটনার পর কিছু সেনা কর্মকর্তাকে বদলি করা হয়। এরপর আর কিছুই করা হয়নি।এ ধরনের দুর্যোগ, সংকট বা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে জাতীয়ভিত্তিক একটি স্থায়ী ‘ব্যবস্থাপনা সেল’ গঠনের সুপারিশ করা হয়েছিল। আদালত এ ঘটনার আরও বর্ধিত তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠনের সুপারিশ করেছিল কিন্তু সে সুপারিশ বাস্তবায়িত হয়নি।সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ: দুই কমিটির সুপারিশের ব্যাপারে জানতে চাইলে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, এই সময়ের মধ্যে পুনর্গঠনের অনেক কাজ এগিয়ে গেছে। বিশেষ করে বাহিনীর ভেতরে অনেক ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন চারটি রিজিয়ন ও ১১টি ব্যাটালিয়ন হচ্ছে। মামলার বিচারও অনেক এগিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিডিআর বিদ্রোহে একটি অভিযোগ ছিল, গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। জাতীয় পর্যায়ের তদন্ত কমিটির সুপারিশেও তা উল্লেখ ছিল। ওই ঘটনার পর বর্তমানে বাহিনীর প্রতিটি কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়েছে। পিলখানাসহ সব সেক্টর সদরে অস্ত্র ও গোলাবারুদ স্থাপনায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। বর্ডার গার্ড সিকিউরিটি ইউনিটের (বিজিএসইউ) কার্যক্রমে গতিশীলতা আনা হয়েছে। এ ছাড়া ডিজিএফআই (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) ও এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) সঙ্গে সব সময় সমন্বয় করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সব বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় গোয়েন্দা সেল করার প্রস্তাব সরকারের বিবেচনায় আছে।