তদন্ত করবেন সেই ইউএনও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনটির ফাটল ধরা পড়েছিল দুইদিন আগেই। গত মঙ্গলবার বিকেলে ভবনে গিয়ে ফাটল দেখে আসেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন সরদার। এরপর গতকাল বুধবার আবার সেখানে কাজ শুরু হয়। ভবনটি প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হয়নি।শ্রমিকদের অভিযোগ, ইউএনও দেখার পরও কোনো ব্যবস্থা নেননি। এরপর ভবন মালিকের কথা অনুযায়ী কারখানা মালিকেরা শ্রমিকদের ডেকে এনে ফেলেছেন মৃত্যুমুখে। এখন পর্যন্ত নিহত ২৫৬ জন। শ্রমিকদের অভিযোগ, এই হত্যার দায় কিছুমাত্র হলেও ইউএনওকে নিতে হবে।সেই অভিযুক্ত কর্মকর্তাই এবার পেয়েছেন ভবন ধস ঘটনা তদন্তের দায়িত্ব। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত একটি কমিটিতে তাঁকে সদস্য করা হয়েছে। আর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির স্বরাষ্ট্র সচিব ওই ইউএনও।আজ বৃহস্পতিবার রাতে ইউএনও কবির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ভবন ধসের পর ঘটনা তদন্তে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি কমিটি করে। এই কমিটির প্রধান মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব, ঢাকার পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশের আশুলিয়া অঞ্চলের পরিচালক এবং ইউএনও কবির হোসেন সরদার। একই দিনে ঢাকা জেলা প্রশাসন পৃথক একটি তদন্ত কমিটি করেছে। যেটার প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আর সদস্য সচিব হলেন ইউএনও। কমিটিতে ফায়ার সার্ভিস, পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, নির্বাহী প্রকৌশলী গণপূর্তের কার্যালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলার কার্যালয় থেকে একজন করে প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে।