তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
সাভারের ভবনধসের ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত লোকজনের চিকিত্সা, ত্রাণ ও পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে তিনি জানিয়েছেন। আজ বুধবার সাভারে ভবনধসের ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিধি-নির্দেশনা অনুযায়ী এই ইমারত নির্মাণ করা হয়নি। যে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এ কাজ শুরু করার কথা ছিল, সেই কর্তৃপক্ষের অনুমতি এখানে ছিল না। বিষয়টি তদন্ত করে এ ক্ষেত্রে যারা দোষী, তাদের আমরা যথাযথ আইনের আওতায় এনে ব্যবস্থা নেব, যাতে ভবিষ্যতে অন্য কেউ, অন্য কোনো কর্তৃপক্ষ এ ধরনের গাফিলতির মাধ্যমে আমাদের জনগণের জীবন বিপন্ন করতে না পারে।’সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারের তরফ থেকে আমি এখানে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁদের চিকিত্সা, ত্রাণ ও পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে যা করা সম্ভব, আমরা করব।’স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ১৮-দলীয় জোটের হরতাল না থাকলে উদ্ধারকাজ আরও দ্রুততার সঙ্গে করা যেত। তিনি বলেন, ‘যারা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করার জন্য অতর্কিতে হরতাল আহ্বান করে, তাদের ভূমিকা সম্পর্কে আমাদের সবার সচেতন থাকা প্রয়োজন।’ধসে পড়া ভবনটির ভেতরে আটকা পড়া লোকজনকে উদ্ধারে এগিয়ে আসার জন্য তিনি আওয়ামী লীগের নেতা-কর্মী, স্থানীয় জনসাধারণ, ফায়ার সার্ভিস, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, র্যাবসহ সবার প্রতি ধন্যবাদ জানান। ঢাকার অদূরে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন আজ বুধবার সকালে ধসে পড়েছে। এ ঘটনায় বেলা একটা পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এখনো উদ্ধারকাজ চলছে।