তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছাত্রলীগের নৃশংসতায় পথচারী বিশ্বজিৎ দাসের হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, এ হত্যা নিয়ে যেসব তথ্য পাওয়া গেছে, তা তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হবে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনারে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অবরোধে গাড়ি পোড়ানো প্রসঙ্গে মহীউদ্দীন খান আলমগীর বলেন, অবরোধে যারা গাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে, তারা যেন নিজের গাড়ি পুড়িয়ে প্রথমে প্রতিবাদ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবরোধের সময় জানমালের ক্ষতিসাধন করা ব্যক্তিদের প্রতিহত করার অধিকার সাধারণ মানুষের রয়েছে। অবরোধের নামে কিছু গোষ্ঠী যদি জনসাধারণের ক্ষতি করে গাড়ি পোড়ায় বা ব্যবসার ক্ষতি করে, তাহলে সেই জনসাধারণের অধিকার আছে ক্ষতিকারক গোষ্ঠীগুলোকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়ার। এর আগে সেমিনারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ দাবি করেন, বর্তমানে পুলিশ অপেক্ষাকৃত কম শক্তি প্রয়োগ করছে। তিনি বলেন, গত ২০ বছরে ঢাকা শহরে পুলিশ কোনো গুলি চালায়নি। ক্ষতিকর অস্ত্র ব্যবহার করেনি। পরিস্থিতি মোকাবিলায় রাবার বুলেট ছুড়েছে। বর্তমানে রাজনৈতিক ছত্রছায়ায় রাস্তায় পুলিশকে মেরে শুইয়ে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার।