২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দকে মামলার তদন্তসংক্রান্ত কাগজপত্র (কেস ডকেট-সিডি) নিয়ে আজ মঙ্গলবার হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।২১ আগস্টের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার অধিকতর তদন্তের সময় আরও ৬০ দিন বাড়ানোর আবেদনের ওপর শুনানিকালে আদালত এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ গত রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলির মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন। আবেদনের ওপর গতকাল শুনানির দিন ধার্য ছিল। এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের সময়সীমা সাত দফা বাড়ানো হয়।গতকাল শুনানিকালে আদালত জানতে চান, কেন বারবার মামলাটির অধিকতর তদন্তের জন্য সময় চাওয়া হচ্ছে। জবাবে মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু বলেন, মামলাটির অধিকতর তদন্তকালে যাঁদের নাম বেরিয়ে এসেছে, তাঁদের অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করার জন্য আরও সময় প্রয়োজন।এ পর্যায়ে আদালত তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পিপি বলেন, মামলার সিডি তদন্ত কর্মকর্তার কাছে রয়েছে।এ সময় তদন্ত কর্মকর্তা আদালতে হাজির ছিলেন না। আদালত তদন্ত কর্মকর্তাকে মামলার সিডিসহ আজ আদালতে হাজির হওয়ার আদেশ দেন। অধিকতর তদন্তের সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়েও আজ শুনানি হবে।একই ঘটনায় করা হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ মার্চ দিন ধার্য রয়েছে।