তদন্ত কর্মকর্তার যোগ্যতা নিয়ে প্রশ্ন বিচারকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান মামলার তদন্ত কর্মকর্তাকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক। অধিকতর তদন্তের সময় বারবার বাড়ানোর আবেদন আর মামলার নথিপত্র (কেস ডকেট-সিডি) ছাড়া আদালতে আসায় বিরক্তি প্রকাশ করে আদালত তদন্ত কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘এসব কী হচ্ছে? কীভাবে আপনার মতো পুলিশ কর্মকর্তা সিআইডিতে কাজ করেন?’মামলার ডকেট উপস্থাপন না করায় আদালত সময় বাড়ানোর আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি। একই সঙ্গে আদালত মামলার অন্যতম প্রধান আসামি হাফিজুর রহমানের জামিন নামঞ্জুর করেন। আর সিডি পর্যালোচনা করে দীন মোহাম্মদের জামিনের ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। গতকাল হাফিজ ও দীন মোহাম্মদের জামিনের আবেদন করেন তাঁদের কৌঁসুলি।জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান মামলার তদন্ত কর্মকর্তা। গতকাল উভয় মামলার তদন্তের সময় শেষ হয়। তাই গত রোববার আদালতে আরও ৯০ দিন সময় বাড়ানোর আবেদন করেন তিনি। এর আগে তদন্ত কর্মকর্তা হিসেবে তাঁকে আট দফা সময় বাড়ানোর আদেশ দেন আদালত।গতকাল দুপুরে বিচারক এ কে এম শামসুল ইসলামের আদালতে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার দুই আসামির জামিন ও সময় বাড়ানোর আবেদনের শুনানি হয়। প্রথমে আসামি হাফিজুর ও দীন মোহাম্মদের জামিনের আবেদন করেন কৌঁসুলি ইব্রাহিম হোসেন চৌধুরী। শুনানির পর আদালত হাফিজের জামিন নামঞ্জুর ও দীন মোহাম্মদের জামিনের সিদ্ধান্ত সিডি দেখে দেবেন বলে আদেশ দেন। পরে বিচারকের অনুমতি নিয়ে মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ সময় বাড়ানোর আবেদন আদালতের সামনে তুলে ধরেন। এ সময় আদালত আগের দেওয়া ৯০ দিনের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। পিপি মামলার অগ্রগতি সম্পর্কে আদালতের সামনে বিস্তারিত তুলে ধরছিলেন। এ সময় আদালত তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানকে তলব করেন।তদন্ত কর্মকর্তা কাঠগড়ায় উঠলে আদালত মামলার ডকেট আছে কি না জানতে চান। তদন্ত কর্মকর্তা ‘না’ সূচক জবাব দিলে বিচারক বলেন, ‘হাউ ডেয়ার (কী দুঃসাহস আপনার), আপনি সিডি ছাড়া কীভাবে আদালতে এলেন? বারবার সময় নিয়ে কী করেছেন? এখানে কি কোনো রিপোর্টার আছে? তাঁরা দেখুক এসব কী হচ্ছে।’একপর্যায়ে সরকারি কৌঁসুলি আদালতকে বলেন, ‘মা দুর্গার মতো এই মামলারও ১০টি হাত আছে। সব হাতকে আইনের আওতায় আনতে হচ্ছে। এই হাতগুলো যেনতেন নয়। ওই সময় রাষ্ট্রের একটি শক্তিশালী অংশ এ ঘটনায় জড়িত ছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা ও পিলখানায় বিডিআর হত্যা মামলার মতো এটিও স্পর্শকাতর মামলা। বুঝেশুনে ও সতর্কতার সঙ্গে মামলাটির তদন্ত করতে হচ্ছে। ২০ দিনের সময় বেঁধে দিয়ে তদন্ত করতে বলা হলে মনিরুজ্জামানের দাদাও তা পারবেন না। অস্ত্র উদ্ধারের পরই তৎকালীন সরকার এই মামলার অনেক উপাদান নষ্ট করার চেষ্টা করেছে। এগুলো এখন খুঁজে বের করতে হচ্ছে। ইতিমধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ অনেক রাঘববোয়ালকে আইনের আওতায় আনা হয়েছে।’পিপির বক্তব্যের মধ্যে গত ৯০ দিনের অগ্রগতি সম্পর্কে জানতে চান বিচারক। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, ‘স্যার, চারজন সাক্ষীর বক্তব্য আদালতে নথিভুক্ত করা হয়েছে।’ বিচারক তদন্ত কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘চারজনের জবানবন্দি নিতে কি ৯০ দিন লাগে? তা-ও আবার আসামি নয়, সাক্ষী। সাক্ষীর জবানবন্দি নিতে আপনার এতটা সময় লেগেছে আর বাকিগুলো প্রক্রিয়াধীন। সিআরপিসিতে (ফৌজদারি কার্যবিধি) তদন্ত কর্মকর্তার অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। নোটিশ (চিঠি) দিলে যে কেউ উপস্থিত হতে বাধ্য। আপনারা তা না করে অযথা সময় ক্ষেপণ করছেন। আপনি সিডি নিয়ে আসেন। আমি পঙ্খনাপুঙ্খভাবে পড়ে আপনাদের তদন্তের অগ্রগতি দেখব। এরপর আদেশ দেব।’বিচারক একপর্যায় পিপিকে উদ্দেশ করে বলেন, ‘১০ ট্রাক অস্ত্র মামলার তদন্তের অগ্রগতি সন্তোষজনক নয়। রাষ্ট্রের আইন কর্মকর্তা হয়ে আপনি কী করেছেন?’ পরে বিচারক মামলার সব আসামিকে ৩০ মার্চ আদালতে হাজির করার নির্দেশ দেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বর্তমান তদন্ত কর্মকর্তার সময়ে চাঞ্চল্যকর এই মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে।