বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার জন্য মঙ্গলবার শেষ দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এ দিন ধার্য করেন।আজ রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার ধার্য দিনে আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ট্রাইব্যুনালে বলেন, মামলার আসামি আলীম অসুস্থ। তিনি এ জন্য তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার দিন পুনরায় ধার্য করার আরজি জানান। পরে ট্রাইব্যুনাল ওই আবেদন গ্রহণ করে মঙ্গলবার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার জন্য শেষ দিন ধার্য করে বলেন, এবার শেষ সুযোগ দেওয়া হচ্ছে। ওই দিন আসামি অসুস্থ থাকলেও সাক্ষ্য গ্রহণ চলবে। এই মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ৩৪ জন সাক্ষ্য দিয়েছেন।