মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় গণমানুষকে সম্পৃক্ত করতে আজ আমরা চুকনগর এসেছি। গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি বিবেচনায় এই এলাকা পৃথিবীর অন্যতম। তাই এখান থেকেই আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম শুরু করলাম।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্যোগে চুকনগর গণহত্যা দিবসের প্রাক্কালে গতকাল বুধবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর কলেজে গণহত্যার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের জবানবন্দি লিপিবদ্ধকরণ অনুষ্ঠানে গোলাম আরিফ এসব কথা বলেন।আইনজীবী প্যানেলের সদস্য সৈয়দ হায়দার আলী ও জিয়াদ আল মালুম এবং তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ১৯৭১ সালের ২০ মে চুকনগরে সংঘটিত গণহত্যার বর্ণনা দেন।ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের আলাদীপুর গ্রামের সরস্বতী মণ্ডল (৫৮) তাঁর স্বামী ও শ্বশুরের হত্যাকাণ্ডের বর্ণনাকালে হূদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সেই গণহত্যার অন্যতম প্রত্যক্ষদর্শী ও গণহত্যা ’৭১ স্মৃতিরক্ষা পরিষদের আহ্বায়ক চুকনগর কলেজের অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম বলেন, ‘১৯৭১-এর ২০ মে ১০ সহস্রাধিক মানুষকে হত্যার পর থেকে আমরা আজ অবধি হত্যাকারীসহ সব যুদ্ধাপরাধীর বিচার চাইছি। অনেক দেরিতে হলেও আজ (বুধবার) চুকনগর থেকেই যুদ্ধাপরাধের তদন্ত শুরু হলো। তাই খুব ভালো লাগছে।’ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘জামায়াত বলছে গণহত্যা হয়নি। তাই চুকনগরে এসে গণহত্যা থেকে বেঁচে যাওয়া ও ক্ষতিগ্রস্তদের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে দেখাতে চাই, গণহত্যা হয়েছিল।’জিয়াদ আল মালুম বলেন, ভিয়েতনামের মাইলাই গণহত্যার চেয়েও চুকনগরের গণহত্যা বড়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ ও তাঁর সহকর্মীরা গতকাল বিকেলে চুকনগর পৌঁছে প্রথমে বধ্যভূমিতে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।