ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আবুল কালাম আজাদ ওরফে রাজীব হত্যা মামলার তদন্ত দুই বছরেও শেষ হয়নি। রাজীব কলেজ ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তাঁরা এখন জামিনে মুক্ত। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ওই সংঘর্ষ হয়েছিল। বর্তমানে দেশের বাইরে থাকা কলেজ শাখা ছাত্রলীগের একজন সাবেক নেতা ওই ঘটনার নেপথ্যে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ দীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ওই ঘটনার পর কলেজের একাডেমিক কাউন্সিল তদন্তের ভিত্তিতে ১৭ জন ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তাঁদের ছাত্রত্ব স্থগিত করা হয়েছিল। কিন্তু তাঁরা মামলা করলে আদালত কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। এর পর থেকে অভিযুক্ত ছাত্ররা নিয়মিত ক্লাস করছেন এবং পরীক্ষায় অংশ নিচ্ছেন। জানা গেছে, এঁদের সাতজন এখন পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করছেন। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৩১ মার্চ রাতে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী ছাত্রাবাসে রাজীব ও তাঁর পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালান প্রতিপক্ষ জব্বার প্রামাণিক (ছাত্রলীগ, একাংশের সভাপতি) ও মামুন মোস্তফার (একাংশের সাধারণ সম্পাদক) অনুসারীরা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে রাজীবকে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। ওই দিনই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ লালবাগ থানায় একটি মামলা করেন। মামলায় সে সময় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। পরে চকবাজারে থানা হলে মামলাটি সেখানে স্থানান্তরিত হয়। হাত ঘুরে মামলার তদন্ত এখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে।মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। হাসপাতাল থেকে চিকিৎসা-সনদ না পাওয়ায় অভিযোগপত্র দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, মে মাসের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে। তিনি জানান, হত্যার পর রাজীবের পরিবার থেকে একবারই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। নিহত রাজীবের পরিবার বা ওই দিনের ঘটনায় রাজীবের সঙ্গে থাকা বন্ধুরাও মামলার তেমন কোনো খোঁজখবর জানেন না। কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি বলে তাঁরা জানান। রাজীবের পরিবারের এক সদস্য বলেন, সরকারদলীয় ছাত্রসংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে রাজীব নিহত হয়েছিলেন। তাই তাঁদের ধারণা, এ সরকারের আমলে রাজীব হত্যার কোনো উপযুক্ত বিচার পাবেন না। রাজীবের অনুসারী নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ—স্বাচিপের একাংশের কিছু নেতা মামলাটির যাতে অগ্রগতি না হয়, সে জন্য ওপর মহলে চাপ সৃষ্টি করছেন। তবে মামলা তদন্তের ক্ষেত্রে কোনো ধরনের চাপের সম্মুখীন হননি বলে দাবি করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমীন।