তদন্ত জিরো পয়েন্টে নেই, সামনে এগোচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘বিরোধী দলের পরিকল্পিত পরিকল্পনা আছে। সেই গন্তব্যে পৌঁছতে তারা ইস্যু তৈরির চেষ্টা করছে। গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে পারবে না জেনে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে এসব নৈরাজ্য সৃষ্টি করছে।’আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শামসুল হক বলেন, ‘বিরোধী দল যে দাবি করছে, ইলিয়াস আলী সরকারের কাছে আছে। এটা মিথ্যাচার, কাল্পনিক ও ভিত্তিহীন। ইলিয়াস আলী বের হোক, এটা আমরাও চাই। সে জন্য তদন্ত চলছে এবং তদন্ত জিরো পয়েন্টে নেই, সামনের দিকে এগোচ্ছে।’ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে তারা সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) মানুষও হত্যা করেছে। সাধারণ মানুষকে তিন দিন ধরে হরতালের নামে জিম্মি করে রেখেছে। আমরা তো বলেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রহস্য উদঘাটনের কাজ করে যাচ্ছে। রহস্য উদঘাটন করতে পারলেই জাতির সামনে উন্মোচন করব। এটা আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব এড়াচ্ছি না।’ এ সময় বিরোধী দলের কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের মনে হয় বিরোধী দল তাদের সুনির্দিষ্ট পথে এগোচ্ছে। এটা রাজনৈতিক দুরভিসন্ধি বলে আমি মনে করি। ইলিয়াসকে পাওয়া না পর্যন্ত হরতাল করবেন, এ সিদ্ধান্তে শুভংকরের ফাঁকি রয়েছে কি না, এটা জাতিকে ভাবতে বলব।’