১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আবদুল মতীন বলেছেন, তদন্ত তাড়াতাড়ি করতে হবে, তবে তাড়াহুড়ো করে নয়। রাজধানীর পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে নিজের চেম্বারে তিনি আজ বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তদন্ত কোন পর্যায়ে আছে তা জানতে চাইলে তদন্ত সংস্থার প্রধান বলেন, আপাতত কিছু বই পড়া হচ্ছে এবং সেগুলোর পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত সংস্থার অবকাঠামোগত সুবিধা ও জনবল এখনো পুরোপুরি পাওয়া যায়নি বলে তিনি জানান।ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ১৯৭১ সালের যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত তথ্য, উপাত্ত, দলিল, অপরাধীর তালিকা, সন্নিবেশিত গ্রন্থ ইত্যাদি ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থার কাছে পেশ করার অনুমতি চেয়ে আজ দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও তদন্ত সংস্থার প্রধানসহ তিনজনকে একটি চিঠি পাঠিয়েছে। একজন বিশেষ বার্তাবাহকের মাধ্যমে কমিটির আহ্বায়ক এম এ হাসান চিঠিটি পাঠান। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আবদুল মতীন বলেন, ‘তদন্ত সংস্থার অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’