তদন্ত দলের চট্টগ্রামের ডালিম হোটেল পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল আজ বুধবার সকালে চট্টগ্রামের কাটা পাহাড়ে ডালিম ভবন নামক নির্যাতন ক্যাম্প পরিদর্শন করেছে। এ সময় তারা ভবনটি ঘুরে ঘুরে দেখে। এর আগে গত বছর সেপ্টেম্বরে তদন্ত দল প্রথমবারের মতো ডালিম হোটেলে গিয়েছিল। আজ বুধবার সকাল ১০টার দিকে তদন্ত দল ডালিম ভবনে যায়। এটি একাত্তরে জামায়াত নেতা ও ব্যবসায়ী মীর কাশেম আলীসহ তত্কালীন আল-বদর বাহিনীর ‘নির্যাতন কেন্দ্র’ হিসেবে ব্যবহূত হতো বলে অভিযোগ রয়েছে।তদন্ত দলের প্রধান এএসপি পদমর্যাদার নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একাত্তর সালে ডালিম ভবনে নির্যাতন কেন্দ্র ছিল বলে অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ, আলামত ট্রাইব্যুনালের হাতে আছে। এ কারণে তদন্তের অংশ হিসেবে ডালিম ভবন পরিদর্শন করেছি। বিস্তারিত পরে জানানো হবে।’একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরুর পর তত্কালীন ইসলামী ছাত্রসংঘ ও আল-বদর বাহিনীর নেতারা নগরের পুরাতন টেলিগ্রাফ রোডে জমিদার শ্রী রঞ্জন নাথের মালিকানাধীন মহামায়া ভবনটি দখল করে নেয়। পরে এটিকে নির্যাতন কেন্দ্র বানানো হয়। এটা কুখ্যাত ডালিম হোটেল নামেও পরিচিতি পায়।এর আগে মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা নগরের ‘গুডস হিলে’ গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পৈতৃক বাসভবন পরিদর্শন করেন।