তদন্ত নিয়ে যা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চেয়ারম্যান হত্যামামলার দুই দফা তদন্ত হলেও মূল আসামিদের সম্পৃক্ত করা হয়নি। ঘটনার আগে নিহত এবং মৃত ব্যক্তিদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করায় বাদী বিস্ময় প্রকাশ করেছেন। অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। বাদী আবার তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন। আদালত তা গ্রহণ না করে অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।মামলার নথিপত্র ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় চরমপন্থীরা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গুলি এবং জবাই করে হত্যা করে। এ ঘটনায় ১১ ডিসেম্বর তার ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে উপজেলা জামায়াত নেতা আবদুল মজিদ খান, আনোয়ার হোসেন, তাহেরপুর পৌর মেয়র বিএনপি নেতা আবু নাঈম শামসুর রহমান, জঙ্গি নেতা মামুন মহুরি, কিলার মোস্তাকসহ ২১ জনের বিরুদ্ধে থানায় হত্যামামলা দায়ের করেন। পরে বাগমারা থানা পুলিশ মূল আসামিদের বাদ দিয়ে ২০০৮ সালের ২ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। বাদী এ ব্যাপারে নারাজির অভিযোগ করলে আদালত তা আমলে নিয়ে ওই বছরের (২০০৮ সালে) ২৮ সেপ্টেম্বর আবার তদন্তের জন্য অপরাধ দমন শাখা (সিআইডি) রাজশাহীকে দায়িত্ব দেন আদালত। সিআইডি রাজশাহীর তত্কালীন পরিদর্শক হরিপদ বিশ্বাস তদন্ত করেন। তিনি তদন্ত শেষে আদালতে দাখিলের আগেই অন্যত্র বদলি হয়ে যান। পরে সিআইডির উপপরিদর্শক (এসআই) খিতিশ চন্দ্র সাহা ওই বছরের ১০ সেপ্টেম্বর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বাদী মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত হয়নি বলে অভিযোগ তুলে আবার আদালতে নারাজি পিটিশন করেন। শুনানি শেষে ২ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। অভিযোগপত্রের এক স্থানে মুরগি মাসুদ পুলিশের সঙ্গে ১৯৮৭ সালের ১৭ অক্টোবর নিহত হয়েছেন বলে উল্লেখ করে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অথচ জাহাঙ্গীর নিহত হয়েছেন ২০০৬ সালে। নিহত হওয়ার পর তিনি কি করে হত্যাকাণ্ডে অংশ নিলেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন বাদী। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মৃত ব্যক্তি কীভাবে হত্যাকাণ্ডে অংশ নিলেন। তবে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মাসুদ ২০০৮ সালের ১৭ অক্টোবর নিহত হয়েছেন। এ ছাড়া এ মামলায় অভিযোগপত্র দাখিলের এক মাস আগে বন্দুকযুদ্ধে নিহত হওয়া চরমপন্থী ক্যাডার জাহাঙ্গীরকেও অভিযুক্ত করা হয়েছে। তিনি ওই বছরের ২৮ জুলাই নওগাঁর আত্রাইয়ে র্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বাগমারা থানার ওসি এ বিষয়ে নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে অভিযোগপত্র দাখিলকারী কর্মকর্তা বলেন, আগের তদন্তকারী কর্মকর্তার তৈরি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বর্তমানে বাগেরহাট সিআইডিতে কর্মরত পরিদর্শক হরিপদ দাস বলেন, ভুলে মুরগি মাসুদের ১৯৮৭ সালে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আসলে তা হবে ২০০৮ সালে। তবে জাহাঙ্গীরের মৃত্যুর খবর তিনি জানেন না বলে জানিয়েছেন। বাদী আলমগীর হোসেন জানান, সিআইডি সঠিকভাবে মামলার তদন্ত করেননি। তদন্ত করলে এরকম গরমিল থাকবে কেন। তিনি অভিযোগ করে বলেন, মূল আসামিদের বাদ দেওয়া হয়েছে। মামলার সাক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাফ-উদ-দৌলার কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিলেও মামলার তদন্তকারী কর্মকর্তা তা আমলে আনেননি। এ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা বলেন, ঘটনার পর গ্রেপ্তারকৃত মতিউরের জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের জন্য উচ্চআদালতে যাবেন বলে জানিয়েছেন। এ ছাড়া তিনি সম্পূরক অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছেন। মামলার আসামি জামায়াত নেতা আবদুল মজিদ খান জানান, আমাদের হয়রানি করার জন্য আসামি করা হয়েছিল। আমরা ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না।