তদন্ত-প্রক্রিয়া গতিশীল করতে সমন্বয় রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্বায়ক, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিফ্যাক্টস ফাইন্ডিং কমিটি দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত করে আসছে। আমাদের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রী বরাবর পত্র পাঠিয়েছি। ৪ এপ্রিল আমাদের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ ও উপযুক্ত দলিল-দস্তাবেজ তুলে ধরব। ২০০৮ সালের এপ্রিলে আমরা এক হাজার ৭৭৫ জন যুদ্ধাপরাধীর তালিকা করেছিলাম। এটিও ট্রাইব্যুনালকে দেব। এতে করে তদন্ত সংস্থায় তদন্ত কার্যক্রম আরও গতি পাবে বলে আমার বিশ্বাস। সাধারণত তদন্তের জন্য সময় বেঁধে দেওয়া ঠিক হবে না। তবে তদন্তকে গতিশীল রাখতে হবে। অনেকেই এ বিচার-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। মুখ্য অপরাধ বলতে পাকিস্তানি সেনাবাহিনীর অপরাধ বোঝাবে। কিন্তু যারা তাদের সহযোগিতা করেছে এবং অপরাধ করেছে, তাদের বিচারে কোনো বাধা নেই। তারাও অপরাধী। তবে এ আইনে জোর করে শরণার্থী বানানো কিংবা যৌনকর্মী বানানোর অপরাধের বিষয়টি স্পষ্ট করা নেই। হয়তো অপরাধের সীমার আওতায় এগুলো অন্তর্ভুক্ত হবে। তবুও আইনের মুখবন্ধে সামান্য একটু পরিবর্তন করে এ বিষয়টি স্পষ্ট করা উচিত। তবে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে—বিচারের আগে কাউকে অপরাধী বলা যাবে না। অভিযুক্ত যারা হবে, তারা কেমন প্রকৃতির অপরাধ করেছে, তা চিহ্নিত করতে হবে। যেমন আলবদরের সদস্যরা সরাসরি যুদ্ধাপরাধে জড়িত ছিল। অন্যান্য বাহিনী বিভিন্ন অপরাধে সম্পৃক্ত ছিল। এ বিষয়গুলো চিহ্নিত করতে সতর্ক থাকতে হবে। আমাদের তথ্য-উপাত্তে বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে তদন্ত-প্রক্রিয়া গতিশীল করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সমন্বয় করে এগোতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগানো যেতে পারে। প্রতিটি থানার কাছে এ ধরনের কোনো অভিযোগ এলে ওই অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাদের জানাতে হবে। প্রয়োজনে পুলিশও এ বিষয়ে তাদের তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পারে। তা যাচাই-বাছাই করে দেখতে পারে তদন্ত কমিটি। তবে উপযুক্ত বিধি প্রণয়ন করতে হবে এবং এ বিধিতে ট্রাইব্যুনালের কাজের ক্ষেত্রটি স্পষ্ট করতে হবে।