তদন্ত প্রতিবেদন আমলে নেওয়ার পরামর্শ দিলেন ফখরুদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনাসদস্যদের মধ্যে সংঘটিত সংঘর্ষের পর গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিতে সংসদীয় কমিটিকে পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।ফখরুদ্দীন আহমদ ব্যক্তিগত দূত মারফত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের বাসায় এ চিঠি পাঠান। গত শনিবার পাঠানো ওই চিঠিতে ফখরুদ্দীন আহমদ উল্লেখ করেছেন, দূতাবাস ও ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও সংসদীয় কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে।রাশেদ খান মেনন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, মইন উ আহমেদের মতো ফখরুদ্দীন আহমদের চিঠি নিয়েও সংসদীয় কমিটির আজকের সভায় আলোচনা করা হবে। সেখানে পরবর্তী করণীয় ঠিক করা হবে। তিনি বলেন, কমিটি আশা করে, স্বচ্ছতার স্বার্থেই তাঁরা কমিটিতে এসে তাঁদের বক্তব্য দেবেন।এর আগে গত সপ্তাহে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ সংসদীয় কমিটির কাছে চিঠি পাঠান। চিঠিতে তিনি নিজেকে শারীরিকভাবে অসুস্থ উল্লেখ করে কমিটির আগামী সভায় উপস্থিত হতে অপরাগতা জানান। চিঠিতে ফখরুদ্দীন আহমদ লিখেছেন, ‘২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে কিছু সেনাসদস্যের সংঘর্ষ হয়। এতে ছাত্র ও পুলিশের অনেকেই আহত হয়। ঘটনার পরপরই আমি বিষয়টি সম্পর্কে অবগত হই। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররা বিক্ষোভ শুরু করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পরের দিন সকালে আমি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করি। সভায় সিদ্ধান্ত অনুযায়ী সরকারের পক্ষ থেকে একটি সংবাদ বিবরণীর মাধ্যমে জাতির কাছে দুঃখ প্রকাশ করা হয়। একই সঙ্গে ঘটনার তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। কিন্তু তাতেও ছাত্রদের বিক্ষোভ অব্যাহত থাকে। যে কারণে আমি পরের দিন ২২ আগস্ট সরকারের উপদেষ্টা নিয়ে জরুরি বৈঠক করি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অনেকটা বাধ্য হয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল-সন্ধ্যা কারফিউ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বচ্ছতার স্বার্থে আমরা তদন্ত প্রতিবেদনটি গেজেট আকারে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলাম। যা পরে গেজেট আকারে প্রকাশ পায়। যাতে যে কেউ চাইলে এটা দেখতে পারে। সংসদীয় কমিটিকে এই রিপোর্টটি দেখার জন্য অনুরোধ করছি।’প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির উপকমিটির চতুর্থ সভায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনা তদন্তের জন্য তৎকালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের ১৯ আগস্ট এ ঘটনা তদন্তে তিন সদস্যের এ সংসদীয় উপকমিটি গঠন করা হয়।