বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে করা মামলায় আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মহানগর হাকিম ইসমাইল হোসেইন আগামী ৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আজ মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এর আগে আরও নয়বার আদালত সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।জানা গেছে, সাব্বির হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরের নাম বাদ দিতে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় এ মামলা করে। মামলায় বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন—চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, বসুন্ধরার সাবেক নির্বাহী পরিচালক আবু সুফিয়ান ও কাজী সলিমুন হক ওরফে ইকোনো কামাল। আসামিদের বিরুদ্ধে ঘুষ আদান-প্রদান ও সংরক্ষণ এবং পরস্পরকে সহায়তা করার অভিযোগ আনা হয়। মামলার বিবরণে জানা যায়, হুমায়ুন কবির সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই দিবাগত রাতে নৃশংসভাবে খুন হন। পুলিশ সাব্বিরের হত্যাকাণ্ডে বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান শাহ আলমের ছেলে সানবীরের জড়িত থাকার প্রমাণ পায়। তাঁর বিরুদ্ধে পুলিশ একটি হত্যা মামলা করে। সাব্বির হত্যা মামলা থেকে সানবীরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে বাবর বসুন্ধরার মালিকের কাছে ১০০ কোটি টাকা ঘুষ দাবি করেন। ৫০ কোটি টাকা দেওয়া হলে এ মামলা থেকে সানবীরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন বলে উভয় পক্ষের মধ্যে দফারফা হয়। বসুন্ধরা গ্রুপের সঙ্গে এই লেনদেন হয় বাবরের বেইলি রোডের সরকারি বাসভবনে।