তদন্ত প্রতিবেদন থাকে গৎবাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রচলিত ১৮৬০ সালের ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারার বিধানমতে, পুলিশ ফৌজদারি মামলার তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করে। সাধারণত এএসআই ও এসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ফৌজদারি মামলার তদন্ত করে থাকেন। তবে অপরাধের মাত্রা অনুযায়ী কিংবা কোর্টের নির্দেশ অনুসারে অনেক সময় ইন্সপেক্টর থেকে এসপি র‌্যাংকের অফিসাররাও কোনো কোনো মামলার তদন্ত করে থাকেন। ফৌজদারি কার্যবিধিতে কোথাও পুলিশের দেওয়া এ তদন্ত প্রতিবেদনকে অভিযোগপত্র (চার্জশিট) বলা যাবে বা বলতে হবে মর্মে উল্লেখ নেই, বরং এ আইন অনুযায়ী একে পুলিশি রিপোর্ট ছাড়া অন্য কিছু বলার সুযোগ নেই। তার পরও আশ্চর্য ব্যাপার, বাংলাদেশের পুলিশ বাহিনী মুদ্রিত ফর্মে যুগ যুগ ধরে একে অভিযোগপত্র বলে উল্লেখ করে আসছে। বিষয়টা এ কারণে বললাম, পুলিশি রিপোর্ট ও চার্জশিট আপাতদৃষ্টিতে এক বলে মনে হলেও আইনের ব্যাখ্যা-বিশ্লেষণে এদের পার্থক্য অনেক, যা আইনজ্ঞ যেকোনো লোক স্বীকার করতে বাধ্য। তারপর আমার দেখা ও জানামতে, পুলিশের দেওয়া বেশির ভাগ রিপোর্ট হয় গৎবাঁধা। প্রথমে এজাহারের পুরো বর্ণনা থাকে, পরে অতিসংক্ষেপে তদন্তকারী কর্মকর্তার কার্যবিবরণী থাকে; সবশেষে আসামি বা আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণিত সব অভিযোগের ধারা উল্লেখ থাকে। পুলিশি রিপোর্টের এ ত্রুটির কারণে মামলার প্রতিটি বিচারিক স্তরে সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী ও সাক্ষীদের খুবই বিড়ম্বনায় পড়তে হয়, যা পুলিশ বিভাগ কোনো দিন জানতে ও বুঝতে পারে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে পুলিশি রিপোর্ট কেমন হওয়া উচিত? এর জবাবে বলব, প্রথমে এজাহারের অতিসংক্ষিপ্ত বর্ণনা বা মামলার ঘটনা এজাহারে উল্লেখ আছে মর্মে বলা, তারপর তদন্তকারী কর্মকর্তার কার্যকলাপের প্রয়োজনীয় বিশদ বিবরণ; আর সবশেষে কোন আসামির বিরুদ্ধে কোন ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, তার উল্লেখ। বিচারিক কাজকে সহজ করার প্রয়াসে পুলিশি প্রতিবেদনের এ ত্রুটি দূর করে আরও প্রয়োজনীয় তথ্যসংবলিত সঠিক প্রতিবেদন প্রদান জরুরি বলে আমি মনে করি। এ ক্ষেত্রে তদন্তকারী পুলিশ অফিসারদের অভিজ্ঞ জজ বা ম্যাজিস্ট্রেট দ্বারা প্রশিক্ষণ বা ব্রিফিং করানো যেতে পারে বলে আমার অভিমত। এ প্রসঙ্গে আরেকটা কথা না বললেই নয়। কোর্টে দাখিল করা নানা ফৌজদারি মামলা তদন্তের জন্যও অনেক সময় থানায় পাঠানো হয় এবং কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের অফিসার, ইউপি চেয়ারম্যান বা সব জনপ্রতিনিধি এবং স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধানের কাছে দায়িত্ব দেওয়া হয়। এসব ক্ষেত্রে দেখা যায়, সাধারণত কোর্টের নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন আসে না । প্রতিবেদনে ‘বাদীর বা ফরিয়াদির আনীত অভিযোগ সত্য বা মিথ্যা’ লিখে দায়সারাগোছের দেওয়া হয়। রিপোর্ট দেরিতে আসায় মামলা নিষ্পত্তিতে অহেতুক বিলম্ব হয়, আর রিপোর্টে আসামি বা আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের ধারা না হোক, প্রাথমিক তথ্যপ্রমাণের সুস্পষ্টতা উল্লেখ না থাকায় বিচারিক আদালতকে নানা ঝামেলায় পড়তে হয়। তদন্ত প্রতিবেদন যদি যথাসময় কোর্টে পাঠানো হয় এবং কোন আসামির বিরুদ্ধে কী কী অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তা উল্লেখ করে দেওয়া হয়, তাহলে এসব মামলায় বিচার নিষ্পত্তি দ্রুত ও সহজ হয়। এ প্রতিবেদনে উল্লিখিত বিষয়গুলো সংশ্লিষ্ট সবাইকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখার এবং প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ রইল।লেখক  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নরসিংদী ।